স্থগিত হলো এমএইচ ৩৭০-এর তল্লাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় তিন বছর আগে ২৩৯ জন আরোহী নিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া মালয়েশিয়ার ফ্লাইট এমএইচ ৩৭০-এর অনুসন্ধান অভিযান স্থগিত করা হয়েছে। দীর্ঘ ও ব্যয়বহুল এ উদ্ধার অভিযানে অংশ নেওয়া দেশগুলো মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও চীন গতকাল মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এ কথা জানিয়েছে।

স্থগিত ঘোষণা করার মাধ্যমে কার্যত উড়োজাহাজটির অনুসন্ধান অভিযান বন্ধই করে দেওয়া হলো বলে মনে করা হচ্ছে। এর আরোহীদের পরিবারের সদস্যরা এতে ক্ষোভ প্রকাশ করেছেন।

তিন দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ভারত মহাসাগরের দক্ষিণাংশে ১ লাখ ২০ হাজার বর্গকিলোমিটারের বেশি এলাকায় নিষ্ফল অনুসন্ধানের পর তারা দুঃখের সঙ্গে তল্লাশি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। সর্বোচ্চ পেশাগত দক্ষতাসম্পন্ন লোকজনের সমন্বয়ে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তল্লাশি অভিযান চালানো হয়। কিন্তু এরপরও বিমানটির খোঁজ কিংবা অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। 

২০১৪ সালের ৮ মার্চ মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ের পথে উড্ডয়নের কিছুক্ষণ পরই উড়োজাহাজটি নিখোঁজ হয়।

যৌথ বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটির অবস্থানের সম্ভাব্য এলাকা খুঁজে পেতে বৈজ্ঞানিক গবেষণা চলবে। তবে এর সঠিক অবস্থান নির্ণয়ে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। 

এমএইচ ৩৭০-এর তল্লাশি অভিযানে এখন পর্যন্ত সাড়ে ১৪ কোটি ডলার ব্যয় হয়েছে। বিবৃতিতে বলা হয়, ২৫ হাজার বর্গকিলোমিটার এলাকাকে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছিল। সেখানেই ধ্বংসাবশেষ থাকার সম্ভাবনা বেশি ছিল। কিন্তু সেখানেও কিছুই পাওয়া যায়নি। তাই তল্লাশি আপাতত চালানোর অব্যাহত রাখার কোনো সম্ভাবনা নেই।