সিরিয়ার কুর্দি-অধ্যুষিত কোবানি শহরে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা হামলা শুরুর পর স্থলযুদ্ধে ছয় শতাধিক যোদ্ধা নিহত হয়েছে। আর মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের বিমান হামলায় নিহত হয়েছে আরও ‘কয়েক শ’ আইএস যোদ্ধা। একটি মানবাধিকার সংগঠন ও মার্কিন প্রতিরক্ষা দপ্তর সূত্রে এসব কথা জানা গেছে।
এদিকে পশ্চিমাদের হুমকি দিয়ে আইএস জঙ্গিরা বলেছে, ‘আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি। ইরাক-সিরিয়ায় এলে তোমাদের গলা কেটে হত্যা করা হবে।’ খবর এএফপি ও রয়টার্সের।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, কোবানি শহরের দখল নিয়ে গত ১৬ সেপ্টেম্বর থেকে বুধবার মধ্যরাত (গ্রিনিচ সময় রাত নয়টা) পর্যন্ত স্থলযুদ্ধে মোট ৬৬২ জন মারা গেছে। এর মধ্যে আইএসের ৩৭৪ জন নিহত হন। অন্যদিকে কুর্দি যোদ্ধাদের ২৬৮ সদস্য এবং বেসামরিক ২০ জন নিহত হন।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, কোবানি শহরের চারপাশে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের বিমান হামলায় কয়েক শ আইএস যোদ্ধা নিহত হয়েছে। তবে পেন্টাগন সতর্ক করে দিয়েছে, শহরটি এখনো আইএসের দখলে যাওয়ার ঝুঁকি রয়েছে।
গত ৪৮ ঘণ্টায় মার্কিন নেতৃত্বাধীন জোট কোবানি শহরের আশপাশে অন্তত ৫০ দফা বিমান হামলা চালিয়েছে। গত ২২ সেপ্টেম্বর সিরিয়ার ভূখণ্ডে প্রথম বিমান হামলা শুরুর পর সংখ্যায় এটিই সবচেয়ে বড় হামলা।
পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কিরবি বলেন, ইরাকে প্রতিকূল আবহাওয়ার কারণে মার্কিন নেতৃত্বাধীন জোট কোবানির লক্ষ্যবস্তুতে নিজের সক্ষমতা ঠিকমতো ব্যবহার করতে পারছিল না। সেখানকার পরিস্থিতি নিয়ত পরিবর্তনশীল। কারণ, কুর্দি যোদ্ধারা শহরটির নিয়ন্ত্রণ ধরে রাখলেও আইএস যোদ্ধারা শহরে ঢোকার বেশির ভাগ পথ দখল করে নিয়েছে।
মুখপাত্র আরও বলেন, ‘আইএস যোদ্ধারা যত বেশি শহর দখলের চেষ্টা করবে, তারা যত বেশি সরঞ্জাম মোতায়েন করবে, আমাদের আঘাত হানার পরিমাণও ততই বাড়বে। আমি বলতে পারি, আমরা এরই মধ্যে তাদের কয়েক শ যোদ্ধাকে হত্যা করেছি।’
বিমান হামলার নাম ‘অপারেশন ইনহিয়ারেন্ট রিজলভ’: ইরাক ও সিরিয়ার আংশিক দখল করে নেওয়া জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে দুই মাসের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র বিমান হামলাসহ নানা ব্যবস্থা নিচ্ছে। তবে এত দিন এই আইএসবিরোধী লড়াইয়ের কোনো নাম ছিল না। মার্কিন সামরিক কমান্ডাররা এবার এর একটা নাম চূড়ান্ত করেছেন। তাঁরা এই যুদ্ধের নাম দিয়েছেন ‘অপারেশন ইনহিয়ারেন্ট রিজলভ’।
মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল মার্টিন ডেম্পসির মুখপাত্র কর্নেল এডওয়ার্ড টমাস জানান, ‘কয়েক দিন আগে’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি গত বুধবার ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, এ অভিযানের নাম ‘অপারেশন ইনহারেন্ট রিজলভ’। তবে পেন্টাগন কেন এ নাম বেছে নিল, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি।