
শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, জেলেদের বিষয়ে উভয় দেশের জন্যই দীর্ঘস্থায়ী সমাধানের পথ খোঁজা জরুরি। গতকাল শুক্রবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতিতে নরেন্দ্র মোদি এ কথা বলেন। খবর এনডিটিভি ও এএফপির।
ভারত মহাসাগরের তিনটি দ্বীপরাষ্ট্র সফরের অংশ হিসেবে গতকাল সকালে মোদি কলম্বো পৌঁছান। গত ২৮ বছরের মধ্যে শ্রীলঙ্কায় এটাই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর সফর। সর্বশেষ ১৯৮৭ সালে ভারতের তখনকার প্রধানমন্ত্রী রাজীব গান্ধী শ্রীলঙ্কা সফর করেন।
শ্রীলঙ্কার জলসীমায় অনুপ্রবেশকারী ভারতীয় জেলেদের গুলি করার অধিকার তাঁর দেশের আছে—এ মন্তব্য করে কিছুদিন আগে আলোচনার ঝড় তোলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিঙ্গে। এর পর থেকে ভারতের শীর্ষ নেতৃত্ব এ বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের ওপর জোর দিয়ে আসছিলেন।
গতকাল মোদি ও সিরিসেনার মধ্যে প্রতিনিধি পর্যায়ের সভায় উভয় পক্ষ চারটি চুক্তিতে স্বাক্ষর করে।
নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সিরিসেনা বলেছেন, তিনি ভারতের সঙ্গে সম্পর্কের ‘নতুন পাতা ওল্টাতে’ চান। মোদিকে উদ্দেশ করে সিরিসেনা বলেন, ‘আপনি আমাদের দেখতে এসেছেন। এটা আমার এবং আমার দেশের জন্য একটা বিরাট সম্মান।’
বিবৃতিতে মোদি বলেন, পরস্পরের কাছে গ্রহণযোগ্য সমাধান খুঁজতে দুই দেশের জেলেদের সংগঠনগুলোর আরও আলোচনা করা প্রয়োজন।
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্য বিষয়গুলো নিয়েও কথা বলেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘শ্রীলঙ্কার ভবিষ্যৎ নির্মাণে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার প্রচেষ্টাকে ভারত সাধুবাদ জানায়। শান্তি, সমঝোতা ও উন্নয়নে এটা নতুন যাত্রা। এ যাত্রায় আমরা আপনাদের পাশে থাকব।’ সংখ্যালঘু তামিল সম্প্রদায়কে ক্ষমতা দিতে ত্রয়োদশ সংশোধনীর বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন মোদি।
শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলো হলো কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসার আওতার বাইরে রাখা, শুল্ক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা, যুব উন্নয়নে সমঝোতা স্মারক এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে একটি জাদুঘর নির্মাণ।
নরেন্দ্র মোদি জানান, সিংহলি ও তামিলদের নববর্ষের দিন আগামী ১৪ এপ্রিল শ্রীলঙ্কার পর্যটকদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা চালু করবে ভারত। পাশাপাশি এয়ার ইন্ডিয়া দিল্লি ও কলম্বোর মধ্যে আরও ফ্লাইট চালু করবে।
ভারতের প্রধানমন্ত্রী অর্থনৈতিক বন্ধনকে দ্বিপক্ষীয় সম্পর্কের প্রধান স্তম্ভ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘গত দশকে আমাদের বাণিজ্য উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে ভারতের সঙ্গে বাণিজ্য নিয়ে আপনাদের উদ্বেগের বিষয়টি সম্পর্কে আমরা অবগত। দিল্লিতে যেমনটা বলেছি, আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করব।
শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে ভারতের সম্পর্ক ঘনিষ্ঠ হবে বলেই মনে করা হচ্ছে। সম্প্রতি ক্ষমতায় বসার পরপরই তিনি বলেন, নিকটতম প্রতিবেশী ভারত হবে তাঁর পররাষ্ট্রনীতির প্রধান গুরুত্বের বিষয়। নির্বাচনের সময় ভারতের গোয়েন্দা সংস্থা র-এর শ্রীলঙ্কায় নিযুক্ত কর্মকর্তাই এমন ইঙ্গিত দিয়েছিলেন যে সিরিসেনা ভারতের পছন্দের প্রার্থী। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আগের মাহিন্দা রাজাপক্ষে সরকারের চীনঘেঁষা নীতি পুনর্বিবেচনার লক্ষণের মধ্যে দৃশ্যত তারই সমর্থন মেলে।