
‘স্নায়ুযুদ্ধের মানসিকতা’ ছাড়তে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। ওয়াশিংটন তার পারমাণবিক অস্ত্রে বৈচিত্র্য আনার ঘোষণা দেওয়ার পর বেইজিং এ আহ্বান জানাল।
আজ রোববার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রাগারের মালিকানাধীন দেশটির বর্তমান প্রবণতা (নিরস্ত্রীকরণ) অনুসরণ করে চলা উচিত। কোনোভাবেই এর বিরুদ্ধে যাওয়া উচিত নয়।’
মার্কিন সামরিক বাহিনী মনে করে, তাদের পারমাণবিক অস্ত্রগুলো ব্যবহারের সময় অনেক বড় বলে মনে হয়। তাই এর উন্নয়ন ঘটিয়ে ছোট বোমার আকারে নিতে চায়।
রাশিয়া এরই মধ্যে যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে। নিন্দা জানিয়েছে ইরানও। তেহরান দাবি করেছে, এই পরিকল্পনার বাস্তবায়ন হলে তা বিশ্বকে ‘ধ্বংসের দ্বারপ্রান্তে’ নিয়ে যাবে।
যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক অস্ত্র পুরোনো হয়ে যাওয়া নিয়ে উদ্বিগ্ন। এসব অস্ত্র আর কার্যকর নয় বলে তারা মনে করে। দেশটি চীন, রাশিয়া, উত্তর কোরিয়া ও ইরানকে সম্ভাব্য হুমকি বলে মনে করে।
গত শুক্রবার পেন্টাগন পরমাণু অস্ত্র নিয়ে একটি পর্যালোচনামূলক প্রতিবেদন প্রকাশ করে। এত ছোট পরমাণু অস্ত্রের বিস্তার ঘটানোর প্রস্তাব দেওয়া হয়।