স্পেন ও মরক্কোয় আইএসের ১৪ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্য সংগ্রহে জড়িত সন্দেহে স্পেন ও মরক্কোতে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্পেনের মাদ্রিদের শহরতলি এবং মরক্কোর কয়েকটি শহরে পরিচালিত অভিযানে এদেরকে গ্রেপ্তার করা হয়। খবর বিবিসি ও এএফপির।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সিরিয়া ও ইরাকে আইএস নিয়ন্ত্রিত এলাকার জন্য সদস্য সংগ্রহ করত। এরপর তাদেরকে আইএসে যোগ দেওয়ার জন্য পাঠাত

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সন্দেহভাজন গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সিরিয়া ও ইরাকে আইএস নিয়ন্ত্রিত এলাকার জন্য সদস্য সংগ্রহ করত। এরপর তাদেরকে আইএসে যোগ দেওয়ার জন্য পাঠাত। যাদের ধরা হয়েছে, তারা কোন দেশের নাগরিক, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি স্পেন সরকার।
গত শুক্রবার ফ্রান্সের একটি ট্রেনে হামলার চেষ্টাকালে মরক্কোর নাগরিক আইয়ুব আল-খাজানিকে ধরে ফেলেন তিন মার্কিন নাগরিক। এতে ওই হামলা ভন্ডুল হয়ে যায়। মরক্কোর তেতুয়ান এলাকার বাসিন্দা খাজানি ২০০৭ সালে স্পেনে গিয়েছিল। সেখানে সাত বছর কাটানোর পর যায় ফ্রান্সে। স্পেনের নিরাপত্তা কর্তৃপক্ষের কাছে খাজানি ছিল ‘সম্ভাব্য বিপজ্জনক ব্যক্তি’। বছর খানেক আগেই সে সিরিয়া থেকে ফেরে।
স্পেনে জঙ্গিবিরোধী অভিযান পরিচালিত হয় রাজধানী মাদ্রিদের কাছের শহর সান মার্টিন দ্য লা ভেগায়। আর মরক্কোতে অভিযান চালানো হয় ফেজ, ক্যাসাব্লাঙ্কা, নাদোর, আল-হোসেমিয়া ও দারিয়ুখ শহরে।
আইএস জঙ্গিদের ধরার অভিযান চলতেই থাকবে বলে গতকাল জানিয়েছেন স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী হোর্হে ফার্নান্দেজ। পার্লামেন্টে তিনি বলেন, যাদেরকে ধরা হয়েছে, তারা একই নেটওয়ার্কের সদস্য।
গত জুন মাসে স্পেন জঙ্গি হামলার হুমকির আশঙ্কা তৃতীয় থেকে চতুর্থ স্তরে ওঠায়। চতুর্থ স্তরের হুমকির অর্থ হলো, হামলার ব্যাপক আশঙ্কা আছে। আর হুমকির মাত্রা বাড়ানোর পাশাপাশি স্পেনজুড়ে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়।
স্পেনের সন্ত্রাসবিরোধী বাহিনীকে উদ্ধৃত করে দেশটির একটি বেতার কেন্দ্র জানায়, সিরিয়া ও ইরাক থেকে ফেরত আসা অন্তত ৮০০ জঙ্গি ইউরোপের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এবং হামলার প্রস্তুতি নিচ্ছে।
ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্স থেকে সবচেয়ে বেশিসংখ্যক লোক আইএসে যোগ দিতে গেছে। ফ্রান্সের সরকারি সূত্রের দাবি, গত মে মাস পর্যন্ত সিরিয়ায় গেছে ৮৪৩ জন।
গত বছরের জুন মাসে কট্টর সুন্নি সংগঠন আইএসের যোদ্ধারা বাগদাদের উত্তরে অভিযান শুরু করে। এরপর থেকে তারা ইরাক ও সিরিয়ার বিশাল এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।