স্ফটিকে ডাইনোসরের লেজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

স্ফটিকের ভেতরে বহাল তবিয়তে সংরক্ষিত একটি ডাইনোসরের লেজ পেয়েছেন চীনের গবেষকেরা। মিয়ানমারের এক স্ফটিকের বাজারে তাঁরা গত বছর ফসিলটির সন্ধান পান। এটি একটি চড়ুই পাখির আকারের খুদে ডাইনোসরের লেজের ফসিল, যা প্রায় ৯ কোটি ৯০ লাখ বছর আগের।
পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, প্রাচীন প্রাণীটি ছিল পাখাওয়ালা। তবে সম্ভবত উড়তে পারত না।
চীনের একদল গবেষক এই জীবাশ্ম বা ফসিল চিহ্নিত করেন। তাঁরা জানিয়েছেন, স্ফটিকটির মিয়ানমারের মালিক ভেবেছিলেন এর ভেতরে থাকা বস্তুটি আসলে গাছজাতীয় কিছুর অংশ।
গবেষক দলটির সদস্য এবং কানাডার রয়েল সাস্কাচুওয়ান মিউজিয়ামের বিজ্ঞানী রায়ান ম্যাককেলার বলেন, হলদে স্ফটিকের ভেতর ডাইনোসরের সংরক্ষিত দেহাবশেষ পাওয়ার ঘটনা এটাই প্রথম। তবে প্রাগৈতিহাসিক প্রাণীটির ব্যাপারে এই ফসিল থেকে নতুন তথ্য মিলবে।
চায়না ইউনিভার্সিটি অব জিওসায়েন্সেসের গবেষক লিদা শিং এ গবেষণায় নেতৃত্ব দেন।
রায়ান ম্যাককেলার বলেন, স্ফটিকের ভেতরে পাওয়া অংশটি লেজের অংশবিশেষ। এর বৈশিষ্ট্য হচ্ছে লম্বা এবং নমনীয়। ফলে তাঁরা নিশ্চিত হয়েছেন এটি কোনো প্রাগৈতিহাসিক পাখির নয়, ডাইনোসরেরই দেহের অংশ।
বিজ্ঞান কল্পকাহিনি নিয়ে নির্মিত হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র জুরাসিক পার্ক-এ বিজ্ঞানীরা এ রকম স্ফটিকের ভেতরে পাওয়া ডিএনএ থেকেই জীবন্ত ডাইনোসর তৈরি করেছিলেন।
এ বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন ছেপেছে মার্কিন সাময়িকী কারেন্ট বায়োলজি।