স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শনিবার সকালে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। ছবি: রয়টার্স
আজ শনিবার সকালে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। ছবি: রয়টার্স

জাপান সাগরে আজ শনিবার স্বল্পপাল্লার কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এ তথ্য জানিয়ে বলেছে, ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনায় সৃষ্ট অচলাবস্থা নিরসনে চাপ সৃষ্টির জন্য উত্তর কোরিয়া এসব ক্ষেপণাস্ত্র ছোড়ে। এক বছরের বেশি সময় পর পিয়ংইয়ং এমন কোনো পরীক্ষা চালাল।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে বলেছে, ‘উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় শহর ওনসানের নিকটবর্তী হোদো উপদ্বীপ থেকে উত্তর-পূর্বাঞ্চলে স্বল্পপাল্লার বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সকাল ৯টা ৬ মিনিট থেকে ৯টা ২৭ মিনিট পর্যন্ত এ কর্মসূচি চলে।’ তিনি আরও বলেন, ক্ষেপণাস্ত্রগুলো পূর্ব সাগর বা জাপান সাগর অভিমুখে প্রায় ৭০ থেকে ২০০ কিলোমিটার যাত্রা করে।

২০১৭ সালের নভেম্বর মাসে শেষবারের মতো ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া।

দক্ষিণের পররাষ্ট্রমন্ত্রী কাং কিউয়াং-হোয়া এই অভিযানের ঠিক এক দিন আগে বলেছিলেন, মার্কিন অবরোধ থেকে মুক্তি পেতে পিয়ংইয়ংয়ের উচিত ‘দৃশ্যমান, মূর্ত ও দৃঢ়কায়’ পরমাণু শক্তি নিষ্ক্রিয়করণ কর্মসূচি হাতে নেওয়া।

গত ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বৈঠক ভেস্তে যাওয়ার পর থেকে পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে। নগদ অর্থের সংকটে ভুগতে থাকা উত্তর কোরিয়া তাৎক্ষণিকভাবে মার্কিন অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়ার দাবি জানালে বৈঠকটি কোনো মীমাংসা ছাড়াই স্থগিত হয়ে যায়। কারণ, অবরোধ তুলে নেওয়ার বিনিময়ে পিয়ংইয়ংকে কী ত্যাগ স্বীকার করতে হবে, তা নিয়ে কোনো সর্বসম্মত চুক্তিতে আসতে পারেনি দুই পক্ষের কেউ।

এ সপ্তাহের শুরুর দিকে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সোন হুই এক বার্তায় ওয়াশিংটনকে হুঁশিয়ার করে দেন। তিনি বলেন, অর্থনৈতিক অবরোধের বিষয়ে নিজদের অবস্থান থেকে সরে না এলে ‘অবাঞ্ছিত ফলাফলের’ মুখোমুখি হতে হবে তাদের।

গত বছর মার্কিন প্রেসিডেন্ট ও দক্ষিণ কোরিয়ার নেতার মধ্যে বৈঠকের পর থেকে উত্তর কোরিয়া কোনো ক্ষেপণাস্ত্র ছোড়েনি বা পারমাণবিক পরীক্ষা চালায়নি।

উত্তর কোরিয়া বিশ্লেষক অঙ্কিত পান্ডা বলেন, ‘শনিবারের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা কিম জং-উনের নিজের আরোপিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্তের বরখেলাপ নয়। এটি কেবল দূরপাল্লার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছোড়ার ওপর বলবৎ থাকবে।’