স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ, নিহত ২

সম্ভাব্য তালেবান সরকারকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পাকিস্তানের মন্ত্রিসভা। তালিকা ধরে ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে তালেবান।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের জাতীয় পতাকা হাতে দেশের ১০২তম স্বাধীনতা দিবস উদ্‌যাপন করেন অনেকে। গতকাল রাজধানী কাবুলে।
ছবি: এএফপি

আতঙ্ক আর অনিশ্চয়তায় ঘেরা আফগানিস্তানের ১০২তম স্বাধীনতা দিবস ছিল গতকাল বৃহস্পতিবার। তালেবান এই দিবস উদ্‌যাপন করেছে আরেকটি বিজয়ের ক্ষণ হিসেবে। সশস্ত্র তালেবান যোদ্ধাদের উপেক্ষা করে জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় নেমেছেন বহু আফগান। রাজধানী কাবুলসহ বেশ কয়েকটি শহরে জড়ো হয়েছিলেন তাঁরা। হয়েছে তালেবানবিরোধী বিক্ষোভও। এর মধ্যে আসাদাবাদ শহরে তালেবানের গুলিতে দুজন নিহত হয়েছেন।

এদিকে আফগানিস্তানে সম্ভাব্য তালেবান সরকারকে স্বীকৃতি দিতে চলেছে পাকিস্তান। তালেবান নিয়ে সমঝোতার জন্য বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন দেশটির নেতারা। অন্যদিকে তালেবানের উত্থান নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন দেশের নেতারাও আলোচনা অব্যাহত রেখেছেন। আফগান পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্য, ইতালি ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। চীন, রাশিয়া ও তুরস্ক ইতিবাচক মনোভাব দেখালেও তাড়াহুড়ো করে তালেবান সরকারকে স্বীকৃতি দেবে না বলে জানিয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ বেশ কয়েকটি দেশ বলেছে, তালেবানের শাসন কেমন হয়, তা আগে দেখবে তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল এক সাক্ষাৎকারে বলেছেন, তালেবান আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি চায় কি না, সে বিষয়ে তাদের সিদ্ধান্ত নিতে হবে।

স্বীকৃতির বিষয়ে ইতিবাচক পাকিস্তান

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর মন্ত্রিসভা আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে। যুক্তরাষ্ট্র ও তালেবানকে আলোচনার টেবিলে আনতে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে উল্লেখ করেছেন তিনি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছেন, আফগানিস্তান সংকটের সমাধান নিয়ে বিশ্বনেতারা পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করছেন। এ ক্ষেত্রে পাকিস্তানকে দায়িত্বশীল দেশ মনে করছেন তাঁরা। তিনি বলেন, বিষয়টি নিয়ে এরই মধ্যে চীন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশনায় আশুরার পরেই আফগানিস্তান সংকট নিয়ে উজবেকিস্তান, তাজিকিস্তান, আজারবাইজান ও ইরান সফরে যাচ্ছেন তিনি। শাহ মাহমুদ কুরেশি বলেন, ‘আফগানিস্তানের বিরাজমান পরিস্থিতি নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা করব। আমরা এমন একটি ব্যবস্থা (আফগানিস্তানে) চাই, যেটা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে।’

তালেবান যোদ্ধাদের গুলি

গতকাল স্বাধীনতা দিবসে তালেবানের হুমকি উপেক্ষা করেই রাজধানী কাবুলসহ বেশ কয়েকটি শহরে জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় নামেন মানুষ। কাবুল থেকে আল-জাজিরার সাংবাদিক চারলোটি বেলিস বলেন, কাবুলে বিক্ষোভকারীদের মধ্যে নারীরাও ছিলেন। জাতীয় পতাকা উড়িয়ে ‘আমাদের পতাকা আমাদের পরিচয়’ স্লোগান দিয়ে তালেবান যোদ্ধাদের সামনে দিয়ে হেঁটে যান তাঁরা।

গতকাল পূর্বাঞ্চলীয় শহর আসাদাবাদে স্বাধীনতা দিবস উদ্‌যাপনরত জনতার ওপর গুলি চালায় তালেবান। সেখানে অন্তত দুজন নিহত এবং আটজন আহত হন। আগের দিন জালালাবাদ শহরে তালেবান যোদ্ধাদের গুলিতে নিহত হয়েছিলেন তিনজন। গতকালও সেখানে জাতীয় পতাকা উত্তোলনরত জনতার ওপর গুলি চালায় তালেবান। তাতে এক কিশোরসহ দুজন আহত হন।

গত বুধবার জালালাবাদে তালেবানের পতাকা নামিয়ে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে গুলিতে তিনজন নিহত হন। তালেবানবিরোধী বিক্ষোভ হয় তিনটি শহরে।

স্বাধীনতা দিবস উপলক্ষে তালেবান বলেছে, ‘আজ আমরা ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতার বর্ষপূর্তি উদ্‌যাপন করছি। একই সঙ্গে এই সময়ে আমরা আমাদের জিহাদি প্রতিরোধের মাধ্যমে বিশ্বের আরেক পরাশক্তি যুক্তরাষ্ট্রকে ব্যর্থ এবং আফগানিস্তানের সীমান্ত থেকে চলে যেতে বাধ্য করেছি।’

এদিকে কাবুলের ১৫০ কিলোমিটার উত্তরের পাঞ্জশির উপত্যকায় তালেবান গোষ্ঠীকে প্রতিরোধের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশত্যাগী ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ এবং প্রখ্যাত এক তালেবানবিরোধী যোদ্ধার ছেলে আহমাদ মাসউদের নেতৃত্বে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে বলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন।

তালিকা নিয়ে ঘরে ঘরে তল্লাশি

এত দিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর পক্ষে যাঁরা কাজ করেছেন, তাঁদের তালিকা করেছে তালেবান। সেই তালিকা ধরে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে তারা। এমনকি দেশত্যাগের জন্য কাবুল বিমানবন্দরে আশ্রয় নেওয়া লোকজনের মধ্যেও এসব ব্যক্তিকে খুঁজছে তালেবান যোদ্ধারা। জাতিসংঘের গোপন নথির বরাত দিয়ে গতকাল মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান ওই সব ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও শাস্তি দিতে চায়। আত্মসমর্পণ না করলে ঘরে ঘরে গিয়ে তাদের পরিবারের সদস্যদের গ্রেপ্তার বা হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

এদিকে অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর পক্ষে দোভাষীর কাজ করা এক ব্যক্তির পায়ে গুলি করার খবর পাওয়া গেছে। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এসবিএস জানিয়েছে, ওই ব্যক্তি কাবুল থেকে উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী পরিচালিত একটি ফ্লাইটে যাওয়ার চেষ্টা করছিলেন।

মানবিক বিপর্যয়ের শঙ্কা

আফগানিস্তানের ১ কোটি ৪০ লাখ মানুষ তীব্র খাবার সংকটে পড়তে যাচ্ছে বলে দেশটিতে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রধান ম্যারি এলেন ম্যাকগ্রোয়ার্টি জানিয়েছেন। তিনি বলেছেন, দেশটিতে মানবিক বিপর্যয় দেখা দিচ্ছে। এক ভিডিও ব্রিফিংয়ে তিনি বলেন, যুদ্ধের পাশাপাশি তিন বছরের মধ্যে দ্বিতীয় দফায় গুরুতর খরা এবং কোভিড-১৯ মহামারির আর্থসামাজিক প্রভাব এরই মধ্যে পরিস্থিতিকে ‘বিপর্যয়ের’ দিকে নিয়ে গেছে।