
যুদ্ধকবলিত ইরাকের উত্তরাঞ্চলীয় বাইজি শহরের শিশু আহলাম। মাত্র ১২ বছর বয়স। এ বয়সেই বড়দের মতো নির্মম বাস্তবতার মুখে পড়তে হয়েছে তাকে। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সরকারি সেনাদের লড়াইয়ে পড়ে একবার না, দুবার পরিবারের সদস্যদের হাত ধরে বাড়িঘর ছেড়ে পালাতে হয়েছে। সর্বশেষ পালানোর ঘটনা ছয় সপ্তাহ আগের।
ছোট্ট আহলামের জন্য এই পালানোর অভিজ্ঞতাও ছিল খুব কঠিন। অবশেষে তাঁর ঠাঁই হয়েছে জাদা উদ্বাস্তু শিবিরে।
আহলামের মতোই বিশ্বজুড়ে যুদ্ধ-সংঘাতসহ নানা প্রতিকূলতায় পড়ে গৃহহীন হওয়া শিশুর সংখ্যা ২ কোটি ৮০ লাখ। এই শিশুরা এক ‘হারানো প্রজন্মের’ মধ্যে পড়ার ঝুঁকিতে রয়েছে। বেসরকারি সংগঠন সেভ দ্য চিলড্রেনের অনুসন্ধানী এক নতুন প্রতিবেদনে এ আশঙ্কা ব্যক্ত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে এক-চতুর্থাংশ শিশুই স্বাভাবিক শৈশব থেকে বঞ্চিত। যুদ্ধ, শিশুশ্রম, বাল্যবিবাহের কারণে এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার অভাবে শৈশবের আনন্দ উপভোগ করতে পারে না অন্তত ৭০ কোটি শিশু। আবার এই শিশুদের মধ্যে ৮০ লাখ মারা যায় প্রতিবছর এবং ছয় শিশুর একজন পায় না শিক্ষার আলো।
শিশু অধিকার রক্ষায় কাজ করে চলা এই সংগঠন যেসব দেশের শিশুরা স্বাভাবিক শৈশব থেকে বঞ্চিত ও নানামুখী হুমকির মুখে, সেসব দেশের সূচকের ভিত্তিতে একটা তালিকাও করেছে। তালিকায় নিচের দিকে রয়েছে নাইজার, অ্যাঙ্গোলা, মালির মতো দেশগুলো।
গতকাল ১ জুন আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে এই প্রতিবেদন প্রকাশ করে সেভ দ্য চিলড্রেনের সিইও কেভিন ওয়াটকিনস বলেন, ‘২০১৫ সালে বিশ্বসম্প্রদায় ২০৩০ সালের মধ্যে নির্বিশেষে সব শিশুর স্কুলে গমন, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার করেছিল। এটা একটা উচ্চাভিলাষী লক্ষ্য হলেও সরকারগুলো যদি শিশুদের স্বাভাবিক শৈশব পাওয়ার অধিকার নিশ্চিত করতে যথাযথ বিনিয়োগ করে, তবে তা পূরণ করা অসম্ভব নয়।’