স্বামীর মুক্তি চেয়ে আইএসকে চিঠি

স্বামী অ্যালান হেনিংয়ের মুক্তি চেয়ে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কাছে এক বার্তা পাঠিয়েছেন তাঁর স্ত্রী বারবারা হেনিং। বিষয়টি মানবিকভাবে বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন তিনি।
অ্যালান হেনিং যুক্তরাজ্যের একজন ট্যাক্সিচালক। আজ রোববার বিবিসির এক খবরে জানা যায়, যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে আইএসের কাছে ওই বার্তা পাঠিয়েছেন বারবারা। সেখানে অ্যালানকে নিঃস্বার্থ ও পরোপকারী বলে উল্লেখ করেন তিনি। বারবারা বলেন, গত বছরের ডিসেম্বরে সিরিয়ায় যান অ্যালান। সিরিয়ার অসহায় মানুষদের সাহায্য করাই ছিল তাঁর উদ্দেশ্য। কয়েকজন বন্ধু ও সহকর্মীর সঙ্গে অ্যালান সেখানে যান। একটি অ্যাম্বুলেন্সে খাবার আর পানি নিয়ে যাওয়ার সময় আইএস জঙ্গিরা তাঁকে অপহরণ করে। তখন থেকেই তাঁদের হাতে অ্যালান বন্দী।
মিসেস হেনিং আরও বলেন, অসহায় ওই মানুষদের সহায়তা করা ছাড়া তাঁর স্বামীর অন্য কোনো উদ্দেশ্য ছিল না। কয়েক দিন আগেও এসব কথা জানিয়ে আইএসকে মেইল করেছিলেন বারবারা। কিন্তু কোনো উত্তর পাননি।
গত শনিবার ডেভিড হেইন্স নামের ব্রিটিশ এক নাগরিককে হত্যা করার ভিডিও প্রকাশ করে আইএস। সেখানে অ্যালান হেনিংকেও হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।