
জাপানের পার্লামেন্টে সম্রাট আকিহিতোর সিংহাসন ছাড়ার বিল পাস হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশনে আলোচিত এ বিলটি অনুমোদন পায়।
বিলে বলা হয়, আইন আকারে বিল প্রকাশের পরের তিন বছরের মধ্যে ৮৩ বছর বয়সী সম্রাট আকিহিতো স্বেচ্ছায় সিংহাসন ছাড়তে পারবেন। তখন রানির কর্তৃত্বও খর্ব হবে।
বয়স ও রুগ্ণ স্বাস্থ্যের কারণে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়বে, এই আশঙ্কা থেকে গত বছরের আগস্টে সিংহাসন ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন আকিহিতো। কিন্তু জাপানের বিদ্যমান আইনে সম্রাটের সিংহাসন ছাড়ার বিধান না থাকায় দেশটির আইনজ্ঞ ও বিশেষজ্ঞদের দিয়ে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ অনুযায়ী আইন করে সম্রাট আকিহিতোর সিংহাসন ছাড়ার সুযোগ করে দেয় সরকার।
জাপানের আইন অনুযায়ী, কেবল সম্রাটের উত্তরসূরি কোনো পুরুষ সদস্যই পরবর্তী সম্রাট হবেন। সেই হিসেবে আকিহিতোর ছেলে ৫৭ বছর বয়সী যুবরাজ নারুহিতো হচ্ছেন দেশটির পরবর্তী সম্রাট। তবে আকিহিতো কবে সিংহাসন ছাড়বেন, তা এখনো ঠিক হয়নি। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী বছরের শেষের দিকে তিনি সিংহাসন ছাড়বেন। ওই সময় তাঁর সিংহাসনে আরোহণের ৩০ বছর পূর্ণ হবে।