সৎ পরিবারের এক রাষ্ট্রপ্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবারের সদস্যদের সঙ্গে ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট জোকো উইদোদো। ছবি: এএফপি
পরিবারের সদস্যদের সঙ্গে ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট জোকো উইদোদো। ছবি: এএফপি

দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্ষমতাসীন নেতাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে অহরহ দুর্নীতির অভিযোগ শোনা যায়। কিন্তু এ ক্ষেত্রে ব্যতিক্রম ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট জোকো উইদোদো। পুরো অঞ্চলে তাঁর পরিবার সততার অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে। 
আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া উইদোদোর স্ত্রী ও সন্তানেরা সাদামাটা জীবনযাপনে আগ্রহী। এখন পর্যন্ত তাঁদের বিরুদ্ধে দুর্নীতি বা অপব্যবহারের কোনো অভিযোগ নেই।
উইদোদোর স্ত্রী ব্যয়বহুল ফ্যাশন এড়িয়ে চলেন। তাঁর মেয়ে সাধারণ মানুষের মতো সরকারি হাসপাতালে লাইনে দাঁড়িয়ে চিকিৎসাসেবা নিতে পছন্দ করেন।
প্রায় এক দশক ধরে উইদোদোর পরিবার সম্পর্কে জানেন আঙ্গিত নিওগ্রোহো। তিনি বলেন, উইদোদো এখন নির্বাচিত প্রেসিডেন্ট। কিন্তু তাঁর পরিবারের সদস্যরা এখনো অন্য সাধারণ মানুষের মতো বাস করতে চান। পরিবারের সদস্যরা উইদোদোর মতো সৎ। 
ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনেইসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্র বা সরকারপ্রধানদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নতুন নয়। এমনকি উইদোদোর আগে ইন্দোনেশিয়ায় যেসব নেতা ক্ষমতায় ছিলেন, তাঁদের পরিবাবের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বিলাসিতাসহ নানা অভিযোগ রয়েছে। কিন্তু তাঁদের তুলনায় উইদোদো, তাঁর স্ত্রী, মেয়ে ও দুই ছেলে ব্যতিক্রম। তাঁরা সৎ, বিনয়ী, ভদ্র ও স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী। তবে তাঁদের এই সততা শেষ পর্যন্ত ধরে রাখতে পারার বিষয়ে পর্যবেক্ষকেরা সতর্ক করেছেন। 
হতদরিদ্র পরিবার থেকে উঠে আসা উইদোদোর বাবা ছিলেন কাঠমিস্ত্রি। তিনি নিজেও আসবাব রপ্তানির ব্যবসা করেছেন।
৫৩ বছর বয়সী উইদোদো গত জুলাইয়ে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন। জার্কাতার সাবেক গভর্নর উইদোদোই প্রথম ব্যক্তি, যিনি ইন্দোনেশিয়ায় রাজনৈতিক ও সামরিক অভিজাত শ্রেণির বাইরের ব্যক্তি হিসেবে দেশটির সর্বোচ্চ পদে আসীন হয়েছেন।