হংকংবাসীকে উ. আয়ারল্যান্ডে সরিয়ে নেওয়ার বুদ্ধি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর আয়ারল্যান্ডে তখন সাম্প্রদায়িক দ্বন্দ্ব তুঙ্গে। এক পক্ষ যুক্তরাজ্যের অধীনে থেকে যেতে চায়; অন্যপক্ষ এর ঘোরবিরোধী। এমন সময়ে যুক্তরাজ্যের কেন্দ্রীয় সরকারের আলোচনায় এল অদ্ভুত এক চিন্তা: হংকংকে চীনের হাতে তুলে দেওয়ার আগেই এর সব বাসিন্দাকে উত্তর আয়ারল্যান্ডে সরিয়ে নিতে হবে। তাহলেই ভারী করা যাবে পক্ষের পাল্লা।
১৯৮৩ সালের ওই পরিকল্পনা নিয়ে সরকারি মহলে অনেকটা হালকা চালেই চিঠি চালাচালি হয়েছিল। কিন্তু তা হলেও বিষয়টা নিয়ে আলোচনা ও বিতর্ক হয়। যুক্তরাজ্যের ন্যাশনাল আর্কাইভের সদ্য প্রকাশিত নথিপত্র থেকে এ তথ্য পাওয়া গেছে। খবর বিবিসি ও এএফপির।
দৃশ্যত অবাস্তব ওই চিন্তাটি প্রথম এসেছিল একজন শিক্ষকের মাথা থেকে। তিনি হলেন, ইউনিভার্সিটি অব রিডিংয়ের নৈতিকতা, সেন্সরশিপ ও রসিকতাবিষয়ক সমাজবিজ্ঞানী অধ্যাপক ক্রিস্টি ডেভিস। তিনি তখন ব্রিটিশ কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, ১৯৯৭ সালে হংকংকে চীনের হাতে ফিরিয়ে দেওয়া হলে এর ব্রিটিশ শাসনে অভ্যস্ত ৫৫ লাখ বাসিন্দার জন্য একটি নতুন আবাসভূমির দরকার হবে।
অধ্যাপক ডেভিসের ওই চিন্তাভাবনা প্রথম প্রকাশিত হয় বেলফাস্ট নিউজ লেটার-এ, ১৯৮৩ সালে। বিষয়টি মনে ধরে উত্তর আয়ারল্যান্ডবিষয়ক মন্ত্রণালয়ের তখনকার কর্মকর্তা জর্জ ফার্গুসনের। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি লিখে বলেন, উত্তর আয়ারল্যান্ডে রিপাবলিকান ক্যাথলিক ও যুক্তরাজ্যপন্থী প্রটেস্ট্যান্টদের মধ্যে সংঘাত চরমে। এ অবস্থায় হংকংয়ের বাসিন্দাদের সেখানে স্থানান্তর করা হলে যুক্তরাজ্যপন্থীদের লন্ডনের আস্থায় আনা যাবে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ডেভিড স্নোক্সেল এর যে জবাব দিয়েছিলেন, তাতে ওই পরিকল্পনা গুরুত্ব পায়নি বলেই ইঙ্গিত মেলে।
বর্তমানে অবসরপ্রাপ্ত স্নোক্সেল বলেছেন, আসলে এটা ছিল একধরনের রসিকতামাত্র। স্নোক্সেল বিবিসিকে বলেন, ‘দুঃখের বিষয়, এখন আর এ রকম ঠাট্টা-কৌতুক দেখা যায় না। কূটনৈতিক জগৎটা রসবোধ হারিয়ে ফেলেছে।’