হংকংয়ে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের সঙ্গে সরকারি কর্তৃপক্ষ কাল শুক্রবার আলোচনায় বসবে। সংলাপে ২০১৭ সালে অনুষ্ঠেয় প্রধান প্রশাসনিক কর্মকর্তা নির্বাচনের লক্ষ্যে ‘রাজনৈতিক সংস্কার বাস্তবায়নের বিভিন্ন আইনি দিক’ নিয়ে আলোচনা হবে। সরকারি কর্মকর্তারা এসব কথা জানিয়েছেন। খবর বিবিসি ও এএফপির।
সংলাপের মাধ্যমে কতটুকু অর্জন হবে তা নিয়ে আন্দোলনকারীরা গতকাল বুধবার সংশয় প্রকাশ করেছেন। কাল আলোচনায় সরকারি কর্মকর্তাদের মধ্যে অংশ নেবেন মুখ্যসচিব ক্যারি ল্যাম চেং ইউয়েত-এনগর, চীনের সাংবিধানিক ও মূল ভূখণ্ডবিষয়ক সচিব র্যামন্ড ট্যাম চি-ইউয়েন প্রমুখ।
গণতন্ত্রপন্থী আন্দোলনকারী ছাত্রনেতা লেস্টার শাম বলেন, বিক্ষোভকারীরা জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে খুবই আগ্রহী। কিন্তু সংলাপে আলোচনা সম্ভবত সীমিত পরিসরে হবে। এ জন্য তিনি ‘ক্ষুব্ধ ও হতাশ’। আর রাজপথে এখনো অবস্থানরত অল্পসংখ্যক বিক্ষোভকারীকে জোর করে সরিয়ে দেওয়া হলে সংলাপ হবে না বলে আবারও উল্লেখ করেছেন তিনি। তবে লোকজনকে সরিয়ে দেওয়ার ব্যাপারে কর্তৃপক্ষ স্পষ্ট করে কিছু জানায়নি।
হংকংয়ের আন্দোলনকারীরা ‘প্রকৃত গণতন্ত্র’ এবং সম্পূর্ণ অবাধ একটি নির্বাচন চান। কিন্তু চীনের এ বিশেষ প্রশাসনিক অঞ্চলের শীর্ষ প্রশাসক পদে নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বীদের আগে বেইজিংয়ের অনুমোদন নিতে হবে বলে জানিয়েছে চীনের কর্তৃপক্ষ। বিষয়টির বিরোধিতা করে হংকংয়ে ব্যাপক গণবিক্ষোভ চলছে। শহরের কেন্দ্রস্থলে সরকারি দপ্তরগুলোর সামনে এবং বন্দর এলাকায় হাজার হাজার বিক্ষোভকারী অবস্থান নিলে গত সপ্তাহে সেখানে অচলাবস্থা তৈরি হয়। তবে বিক্ষোভস্থলে মানুষের সংখ্যা কমে এসেছে।
ব্যবসায়িক সমিতির নেতারা বলছেন, বিক্ষোভ কর্মসূচির কারণে অক্টোবরের প্রথম সপ্তাহে খুচরা কেনাকাটা ৪৫ শতাংশ কমে গেছে। অথচ ওই ‘গোল্ডেন উইক’ ছুটি মৌসুমে হংকংয়ে সাধারণত প্রচুর কেনাকাটা হয়। হংকং স্টক এক্সচেঞ্জে শেয়ারের দাম পড়ে গেছে প্রায় পাঁচ হাজার কোটি ডলার। বিশ্বব্যাংক সতর্ক করে দিয়ে বলেছে, আন্দোলন কর্মসূচি স্থানীয় অর্থনীতির ক্ষতি করছে।