হংকংয়ে সরকারি সদর দপ্তরে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ

চীনের বিশেষ প্রশাসনিক এলাকা হংকংকে অচল করার হুমকি দিয়েছেন অকুপাই সেন্ট্রাল মুভমেন্টের নেতা বেনি টাই। আজ রোববার সকাল থেকে হংকংয়ে সরকারি সদর দপ্তরের সামনে হাজার হাজার লোক জড়ো হন। গণতান্ত্রিক সংস্কারের দাবিতে তাঁরা স্লোগান দিতে থাকেন।
বিবিসির খবরে জানা যায়, প্রাথমিকভাবে বিক্ষোভকারীদের লক্ষ্য ছিল হংকংয়ের বাণিজ্যিক প্রক্রিয়া অচল করা। পরে পুরো হংকংকে অচল করার হুমকি দেন আন্দোলনকারীরা। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। ওই এলাকার আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বৃষ্টির মধ্যেও সদর দপ্তরের সামনে থেকে আন্দোলনকারীরা সরে যাননি। রেইনকোট পরে তাঁরা সারারাত সেখানে দাঁড়িয়ে থাকেন। আন্দোলনকারীরা জানান, যতই বাধা আসুক, গণতন্ত্রের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
২০১৭ সালে হংকংয়ে গণতান্ত্রিক নির্বাচনের দাবি কর্তৃপক্ষ নাকচ করে দেয়। এরপর থেকে নির্বাচন ও গণতান্ত্রিক সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
অকুপাই আন্দোলনের নেতা বেনি টাইয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, হংকংয়ের প্রধান নির্বাহী সি ওয়াই লিয়াং রাজনৈতিক সংস্কারে ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, ‘আমাদের দাবি, লিয়াং কেন্দ্রীয় সরকারের কাছে হংকংয়ের রাজনৈতিক সংস্কার বিষয়ে একটি প্রতিবেদন দেবে। সেখানে হংকংয়ের সাধারণ মানুষের গণতন্ত্রের দাবির প্রতিফলন থাকবে।