হংকংয়ের রাজপথে অন্য রকম জীবন

পুরোপুরি গণতন্ত্রের দাবিতে হংকং নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো দখল করে সপ্তাহ দুয়েক ধরে আন্দোলন করছেন গণতন্ত্রকামী মানুষেরা। মূলত ছাত্রদের নেতৃত্বে চলা ওই আন্দোলনে অংশ নিয়েছেন হাজারো মানুষ। এতে এক রকম অচল হয়ে পড়েছে হংকংয়ের জীবনযাত্রা।
তবে সরকার ও আন্দোলনকারীদের আলোচনার বিষয়ে দীর্ঘসূত্রতা তৈরি হওয়ায় আন্দোলনকারীদের উৎসাহে ভাটা পড়েছে। অনেক ছাত্রই ফিরে গেছেন নিজ নিজ স্কুল ও বিশ্ববিদ্যালয়ে। হাজারো মানুষের দখলে থাকা আন্দোলনের স্থানে এখনো রয়ে গেছেন কয়েক শ মানুষ। তাই আন্দোলনের জায়গা এখন দখল করেছেন পথচারী, শিল্পী ও অলস সময় কাটানো মানুষেরা। কোলাহলময় হংকংয়ের বুকে এলাকাটি এখন নগরবাসীর শ্বাস ফেলার এক চিলতে একটি স্থান।
গতকাল বৃহস্পতিবার এএফপিতে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়, অন্য সময়ে পথচারী ও যানবাহনের ভিড়ে থমকে থাকে হংকংয়ের পথঘাট। এখন আন্দোলনের কারণে এসব এলাকা স্তব্ধ হয়ে পড়ায় জনজীবনে যদিওবা ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, তবু শহরবাসী চাইছেন জায়গাটি এমনই থাকুক।

আন্দোলনের স্থানে এখন মিছিল, শোভাযাত্রা নেই। বরং স্থান করে নিয়েছেন সাইকেলচালক, পথচারীরা। কাজের ফাঁকে কেউ কেউ এখানে এসে দুপুরের খাওয়াটা সেরে ফেলছেন। কেউ আবার শরীরচর্চা করেন। আঁকিয়েরা ছবি আঁকেন।
ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কর্মরত ৩০ বছর বয়সী লুসির মতে, পথচারীদের জন্য এমন একটি খোলামেলা জায়গা থাকলে ব্যাপারটা খারাপ হতো না। লুসি বলেন, ‘শহরটি এতই আঁটসাঁট যে রীতিমতো অসহনীয় হয়ে উঠেছে। এ জায়গাটা সে তুলনায় শান্তিময় ও সুন্দর।’
৫৬ বছর বয়সী সাইকেলচালক জর্জ অ্যাডাম প্রশ্ন তোলেন, হংকং কেন সাইকেলচালকদের জন্য আরও স্থানের জোগান দিতে পারবে না। তিনি বলেন, ‘আমাদের আট লেনের মহাসড়ক রয়েছে। কিন্তু পথচারীদের জন্য আলাদা কোনো স্থান নেই, সাইকেলচালকদের জন্যও আলাদা কোনো স্থান নেই। এটি নিশ্চয় কোনো কিছুর লক্ষণ, তাই না? এভাবেই হংকং পুরোপুরি টাকা, পুঁজিপতি ও ধনী ব্যক্তিদের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।’

এদিকে আন্দোলনের স্থানে সাধারণ মানুষের জন্য ব্যবহৃত একটি সিঁড়িকে রং-বেরঙের কাগজের টুকরো দিয়ে ঢেকে দিয়েছেন আন্দোলন সমর্থকেরা। ওই কাগজের টুকরোগুলোতে লেখা রয়েছে হরেক রকমের বাক্য। সিঁড়িটির নামকরণ করা হয়েছে ‘লেনন ওয়াল’। এর কাছেই তৈরি করা হয়েছে ‘আমব্রেলা ম্যান’ নামে ছাতা হাতে একটি মানুষের প্রতিকৃতি। পুলিশের মরিচের স্প্রের থেকে রক্ষা পেতে ঢাল হিসেবে ছাতা ব্যবহার করতেন আন্দোলনকারীরা। এটি তারই প্রতীক। কাঠের টুকরো দিয়ে বানানো প্রতিকৃতিটি তৈরি করেছন মিল্ক নামের স্থানীয় এক শিল্পী।

২৪ বছর বয়সী চাকরিজীবী জোয়ে চাও বলেন, ‘এটি খুবই শৈল্পিক।’ তিনি বলেন, ‘সাধারণত আমরা এখানে গাড়ি আর বাস চলতে দেখি...কিন্তু সাধারণ মানুষের তৈরি শিল্পকর্মের কারণে এখনকার চিত্র একেবারেই ভিন্ন। এটা যদিও মানুষের জীবনযাত্রার বিঘ্ন ঘটাচ্ছে, তার পরও এসব দেখে আমার ভালো লাগছে।’
শহরে খানিকটা ফাঁকা স্থান তৈরি হওয়ায় অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেললেও কেউ কেউ আবার খুব বিরক্ত।
৩০ বছর ধরে হংকংয়ে বসবাসরত পিটার বেন্টলি অত্যন্ত ক্ষোভ নিয়ে বলেন, ‘জনসাধারণের চলাচলের এলাকা আটকে ছাত্রদের আন্দোলন করাটা অবিশ্বাস্য রকমের স্বার্থপরতা। আমার মতে, পুরো বিষয়টিই অন্যায়।’
তবে আন্দোলনকারীদের দাবি, নগরবাসীর উন্নত জীবনের জন্য লড়ছেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আন্দোলনকারী চেং চুং-তাই বলেন, ‘আমি মনে করি, এটা হংকংবাসীদের নিজেদের জীবনযাপন খুঁজে নেওয়ার জন্য অসাধারণ একটা মুহূর্ত।’