হংকংয়ে গণতন্ত্রপন্থীদের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকংয়ের আইন পরিষদ নির্বাচনে সাধারণ ভোটারদের জন্য নির্ধারিত আসনগুলোয় নতুন প্রজন্মের গণতন্ত্রপন্থী নেতারা জয় পেয়েছেন। গত রোববার অনুষ্ঠিত এ নির্বাচনের ফল ঘোষণা শুরু হয় গতকাল সোমবার থেকে।
শেষ খবর পাওয়া পর্যন্ত চীন সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া আসেনি।
নির্বাচনে এবার রেকর্ড সংখ্যক ৫৮ শতাংশ ভোট পড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিরোধী শিবিরের নেতারা ১৮টি আসনে জয় পেয়েছেন। বিশ্লেষকদের ধারণা, এবার হয়তো ২৪টি আসনই যাবে বিরোধীদের দখলে।
৭০ আসনের হংকং আইন পরিষদের মাত্র ৩৫ টিতে প্রার্থী নির্বাচন করতে পারেন এই এলাকার ৩৮ লাখ মানুষ। বাকি ৩৫টি আসনের ৩০ টিকে বলা হয় ‘কার্যনির্বাহী আসন’। এগুলোয় প্রতিদ্বন্দ্বিতা করেন বিশেষ পেশাজীবী ও ব্যবসায়িক প্রতিনিধিরা। ভোটও দিতে পারেন একই শ্রেণির ভোটারেরা, যাদের সংখ্যা মোট জনসংখ্যার মাত্র ৬ শতাংশ।
শেষ পাঁচটি আসন ‘সুপার সিট’ নামে পরিচিত। পুরো অঞ্চলের ভোটার এই পাঁচটি আসনের জন্য জনপ্রতিনিধি নির্বাচিত করেন।
নির্বাচিত তরুণ নেতাদের বেশ কয়েকজন ২০১৪ সালের জাতিগত আত্মনিয়ন্ত্রণের অধিকার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। আন্দোলনটি ‘আমব্রেলা প্রোটেস্ট’ নামে পরিচিত। বিক্ষোভকারীদের অধিকাংশই ছিলেন তরুণ।
তাঁদের অভিযোগ, সাবেক এই ব্রিটিশ উপনিবেশে চীন ‘এক দেশ দুই নীতি’র চুক্তি দিনদিনই ভঙ্গ করছে। বেইজিং অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে।
বিশ্লেষকেরা মনে করছেন, এবারের নির্বাচনের ফল হয়তো চীন সমর্থিত বর্তমান সরকারপ্রধান সি ওয়াই লিউং দ্বিতীয় দফায় ক্ষমতায় থাকতে পারবেন কি না, সে সিদ্ধান্তের ওপর প্রভাব ফেলতে পারে।