হংকংয়ে চীনের তৃতীয় শীর্ষ নেতা, শহরজুড়ে নিরাপত্তা
হংকং-বিষয়ক চীনের নেতা চাং দেজিয়াং গতকাল মঙ্গলবার তিন দিনের ‘পরিদর্শন সফরে’ বিশেষ এ প্রশাসনিক অঞ্চলে গিয়েছেন। চীনের তৃতীয় শীর্ষ এই নেতার সফর উপলক্ষে হংকংয়ের গণতন্ত্রকামী দলগুলো বিক্ষোভের ডাক দেওয়ায় সেখানকার পুলিশ কড়া নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। শহরজুড়ে মোতায়েন করা হয়েছে ছয় হাজারের বেশি পুলিশের সদস্য।
হংকংয়ে অবাধ নির্বাচন ও গণতন্ত্রের দাবিতে ২০১৪ সালের বিশাল বিক্ষোভের পর এই প্রথম বেইজিংয়ের কোনো শীর্ষস্থানীয় নেতা সেখানে সফর করছেন। স্বাভাবিকভাবেই চাপা উত্তেজনা বিরাজ করছে হংকংয়ে। তাই সেখানকার পর্বত লায়ন রকের চূড়ায়ও মোতায়েন করা হয়েছে পুলিশকে। এ ছাড়া চীনের এই নেতা যেখানে ভাষণ দেবেন এবং যে হোটেলে অবস্থান করছেন তার পাশে পুলিশ নিরাপত্তাবলয় তৈরি করে রেখেছে।
চাং দেজিয়াং চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসের চেয়ারম্যান এবং চীনের তৃতীয় শীর্ষ নেতা। সফরকালে তিনি একটি অর্থনৈতিক সম্মেলনেও বক্তব্য দেবেন। ধারণা করা হচ্ছে, ওই আইনপ্রণেতারা হংকংয়ের বেইজিং-সমর্থিত প্রশাসককে সরিয়ে গণতান্ত্রিক সংস্কারের প্রচেষ্টা শুরুর জন্য চীনা নেতাকে চাপ দেবেন।