হংকংয়ে পুলিশ বিক্ষোভকারী ব্যাপক সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকংয়ে পুলিশের সঙ্গে গতকাল শনিবার সকালে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের আবার ব্যাপক সংঘর্ষ হয়েছে। আগের দিন বিক্ষোভকারীদের মংকক এলাকা থেকে সরিয়ে দেওয়ার পর তারা আবার জড়ো হলে এ সংঘর্ষ বাধে। এ সময় অন্তত ২৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার জেরে সরকারের সঙ্গে বিক্ষোভকারীদের আগামী মঙ্গলবারের আলোচনা হবে কি না, তা অনিশ্চিত হয়ে পড়েছে। খবর এএফপি ও বিবিসির।
হংকংয়ের মংকক এলাকার একটি ব্যস্ত সড়ক থেকে শুক্রবার বিক্ষোভকারীদের পিটিয়ে সরিয়ে দিয়েছিল পুলিশ। পরে অন্তত নয় হাজার বিক্ষোভকারী আবার সেখানে সমবেত হয়। গতকাল খুব ভোরে সরকারবিরোধী এই বিক্ষোভকারীরা মুহুর্মুহু স্লোগান দিতে থাকে। এর একপর্যায়ে তাদের আবারও সরিয়ে দিতে বল প্রয়োগ করে পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের বেধড়ক লাঠিপেটা করা হয়। তাঁদের লক্ষ্য করে মরিচের গুঁড়াও ছিটিয়ে দেয় পুলিশ। অনেকে আগের কৌশলে ছাতা মেলে ধরে মরিচের গুঁড়া থেকে নিজেদের রক্ষার চেষ্টা করেন।
গতকাল হংকং পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে ২৬ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সংঘর্ষে অন্তত ১৫ জন পুলিশ আহত হয়েছে।
কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী এই আন্দোলনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের এ নিয়ে তৃতীয়বারের মতো বড় ধরনের সংঘর্ষ হলো। বিক্ষোভকারীরা হংকংয়ের তিনটি গুরুত্বপূর্ণ সড়কের সংযোগে অবস্থান নিয়ে আন্দোলন করে আসছে। চীনের অধীন আধা স্বায়ত্তশাসিত এ ভূখণ্ডে নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রে বেইজিংয়ের বিধিনিষেধ বাতিলের দাবিতে এ আন্দোলন শুরু হয়। তবে পরে হংকংয়ের প্রধান নির্বাহী লিউং চুন-ইং-এর পদত্যাগের দাবি যুক্ত করা হয়।
মঙ্গলবার বিকেলে আলোচনায় বসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন হংকংয়ের প্রশাসক লিউং চুন-ইং। গতকাল এ ঘোষণা দেন তিনি। কিন্তু বিক্ষোভকারীদের কাছ থেকে এ বিষয়ে কোনো সাড়া মেলেনি।