হংকংয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকংয়ে গতকাল সোমবার গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। হাজার হাজার বিক্ষোভকারী বিভিন্ন সরকারি দপ্তর ঘেরাও করার পর ওই সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশসহ অনেকে আহত হয়েছেন। আটক করা হয়েছে অন্তত ৪০ জনকে। খবর রয়টার্স ও বিবিসির।
চীনের স্বায়ত্ত্বশাসিত প্রশাসনিক এলাকা হংকংয়ে আগামী ২০১৭ সালের নির্বাচনে স্বাধীনভাবে নিজেদের নেতা নির্বাচন করার দাবিতে দুই মাস আগে এই বিক্ষোভ শুরু হয়। হংকংবাসী চায়, ওই নির্বাচনে শীর্ষ পদ প্রধান নির্বাহী হওয়ার জন্য কারা প্রার্থী হবেন, সে বিষয়ে বেইজিং কোনো প্রকার নাক না গলাক। চীন বলেছে, তারা ২০১৭ সালে হংকংয়ে সরাসরি নির্বাচনের অনুমতি দেবে। তবে প্রধান নির্বাহী পদের জন্য একটি তালিকা তারা আগে অনুমোদন করে দেবে। ওই তালিকা থেকেই নেতা বেছে নিতে হবে হংকংবাসীকে।
বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এই দুই মাস অনেকটা নরম ছিল কর্তৃপক্ষ। তবে বেইজিং এখন কঠোর হতে চাইছে। গেল সপ্তাহে পুলিশ ও আদালতের কর্মকর্তারা হংকংয়ের মংকক এলাকা থেকে বিক্ষোভকারীদের সবচেয়ে বড় শিবিরগুলোর একটি অপসারণ করে। এরপর বিক্ষোভের ছাত্রনেতারা গত রোববার হংকংয়ের প্রধান নির্বাহী লিউং চুন-ইংয়ের কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিক্ষোভকারীরা গতকাল বিক্ষোভের প্রতীক ছাতা সঙ্গে নিয়ে লিউংয়ের কার্যালয়ের দিকে অগ্রসর হন। একপর্যায়ে তাঁরা কার্যালয়টি ঘেরাও করেন এবং সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকে লক্ষ্য করে বোতল, হেলমেট ও ছাতা ছুড়তে শুরু করেন। পুলিশ প্রথমে বিক্ষোভকারীদের পিছু হটার নির্দেশ দেয়। এরপর লাঠিপেটা শুরু করে। লাঠিপেটার পাশাপাশি বিক্ষোভকারীদের লক্ষ্য করে মরিচ ও পানি ছিটিয়ে দেওয়া হয়। টিকতে না পেরে একপর্যায়ে বিক্ষোভকারীরা ওই এলাকা ছাড়তে বাধ্য হন।
বিক্ষোভের ছাত্রনেতা আলেক্স চৌ বলেন, ‘সরকারের কার্যক্রম অচল করে দিতেই এই পদক্ষেপ। সরকার কাজ চালিয়েই যাচ্ছিল।...আমরা মনে করি, ক্ষমতার প্রতীক সরকারের সদর দপ্তরের ওপর চাপ দেওয়ার ব্যাপারে আমাদের আলোকপাত করা দরকার।’
পুলিশের কড়া পদক্ষেপের মুখে টিকতে না পারলেও বিক্ষোভকারীরা গতকাল তাঁদের পরিকল্পনা বাস্তবায়নে কার্যত সফল হয়েছেন। কারণ, তাঁদের ঘোষণার মুখে গতকাল সরকারি দপ্তরগুলো বন্ধ রাখা হয় এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাড়িতে থাকতে বলা হয়। অবশ্য বিক্ষোভকারীরা চলে যাওয়ার পর দুপুরের দিকে কর্মকর্তা-কর্মচারীদের অনেকে কাজে ফিরতে সক্ষম হন।
গতকালের সংঘর্ষের সময় পুলিশ ও বিক্ষোভকারীসহ বহু ব্যক্তি আহত হয়েছে। তবে কারও গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এদিকে পুলিশ বলেছে, তারা অন্তত ৪০ জন বিক্ষোভকারীকে আটক করেছে।