হংকংয়ে বিক্ষোভ: পুলিশি পদক্ষেপের তদন্ত দাবি অ্যামনেস্টির

চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে প্রায় চার মাস ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে গণতন্ত্রপন্থী ও স্বাধীনতাকামীদের ওপর পুলিশি পদক্ষেপের তদন্তের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
অ্যামনেস্টি আজ মঙ্গলবার হংকং সরকারের প্রতি এ আহ্বান জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারের নিশ্চয়তার জন্য বেইজিংয়ের প্রতিও আহ্বান জানায় যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠনটি।
এক প্রতিবেদনে অ্যামনেস্টির ইস্ট-এশিয়া আঞ্চলিক অফিসের প্রধান জশুয়া রোসেনজউইগ বলেন, হংকং বিক্ষোভে পুলিশের পদক্ষেপের বিষয়ে স্বাধীন ও কার্যকর তদন্তের নির্দেশ দেওয়া একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখাতে হবে, তারা মানবাধিকার রক্ষার ব্যাপারে আগ্রহী, এমনকি তা বেইজিংয়ের বিরুদ্ধে হলেও।
হংকংয়ে আসামি প্রত্যর্পণ বিল উত্থাপন করা হয় গত ফেব্রুয়ারিতে। এই বিল অনুসারে বিচারের জন্য সন্দেহভাজন আসামিকে চীনের মূল ভূখণ্ডে পাঠানো যাবে। তখন হংকংয়ের জনগণ বলেছিল, বিলটি পাস হলে হংকংয়ের স্বায়ত্তশাসন খর্ব হবে। বিলটি বাতিলের দাবিতে গত মার্চে হংকংয়ে বিক্ষোভ শুরু হয়। পরে বিক্ষোভ থেকে হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামের পদত্যাগ দাবি করা হয়। তবে লাম পদত্যাগে অস্বীকৃতি জানান এবং দাবির মুখে বিলটি বাতিলের সিদ্ধান্ত নেন। কিন্তু বিক্ষোভকারীরা এখন বলছেন, লাম অনেক দেরিতে সিদ্ধান্ত নিয়েছেন। এই বিক্ষোভ থেকে এখন গণতন্ত্রের দাবি উঠেছে। অনেকেই স্বাধীনতার ডাকও দিচ্ছেন। আর জুন থেকে এই বিক্ষোভ টানা চলছে। শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের মারমুখী পদক্ষেপের জবাবে বিক্ষোভকারীদেরও ক্রমে সহিংস হয়ে উঠতে দেখা যায়।
হংকংকে ১৯৯৭ সালে চীনের কাছে হস্তান্তর করে যুক্তরাজ্য। ওই সময় থেকে শহরটিতে ‘এক দেশ, দুই পদ্ধতি’ নীতি চলছে। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে স্বাধীন বিচারব্যবস্থা রয়েছে।
হংকংয়ে চলমান বিক্ষোভের ব্যাপারে চীন বিদেশি শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ করেছে। হংকং আন্দোলনে নাক না গলাতে বিদেশি শক্তিগুলোকে সতর্ক করেছে চীন।