হংকংয়ে রাস্তা ছাড়ছে না বিক্ষোভকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ‘অবিলম্বে’ সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন হংকংয়ের প্রশাসক লিউং চুন-ইং। তবে বিক্ষোভকারীরা ঘোষণা দিয়েছে, চীন সরকার পুরো গণতান্ত্রিক অবাধ নির্বাচনের ব্যাপারে সম্মত না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বে না। খবর এএফপি ও বিবিসির।
বিক্ষোভকারীদের ওপর পুলিশ প্রথম কাঁদানে গ্যাস ছোড়ার পর থেকে নীরব ছিলেন চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের প্রধান নির্বাহী লিউং। তবে গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘অকুপাই সেন্ট্রাল আন্দোলনের আয়োজকেরা বারবার করে বলেছিলেন, বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাঁরা এ আন্দোলন বন্ধ করে দেবেন। এ প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমি এখন তাঁদের প্রতি আহ্বান জানাচ্ছি। এ বিক্ষোভ অবিলম্বে বন্ধের আহ্বান জানাই।’
সাবেক ব্রিটিশ উপনিবেশ হংকংয়ের রাস্তায় কয়েক দিন ধরে যে বিক্ষোভ চলছে, তার পেছনে প্রধান ভূমিকা রাখছে এই ‘অকুপাই সেন্ট্রাল’ গ্রুপ। লিউং চুন-ইংয়ের আহ্বান প্রত্যাখ্যান করেছে ‘অকুপাই সেন্ট্রাল’। উল্টো তারা লিউংকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে। লিউংয়ের বিবৃতির পর অকুপাই সেন্ট্রালের সহপ্রতিষ্ঠাতা শান কিন-মান সাংবাদিকদের বলেন, ‘লিউং পদত্যাগের ঘোষণা দিলে এ আন্দোলন স্বল্প সময়ের জন্য হলেও বন্ধ করা হবে। তারপর আমরা পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেব।’ তিনি যোগ করেন, লিউং পদত্যাগ করলে তা হবে একটা তাৎপর্যপূর্ণ সংকেত। বিক্ষোভকারীরা তখন মনে করবে, সরকার তার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনছে। সরকার আসলেই চলমান সংকটের সমাধান চায়।
হংকংয়ের শীর্ষ পদ প্রধান নির্বাহী নির্বাচন প্রশ্নে গত মাসে চীনের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে এ বিক্ষোভের সূচনা। সিদ্ধান্ত মোতাবেক প্রধান নির্বাহী পদের জন্য ২০১৭ সালের নির্বাচনে কেবল বেইজিংয়ের মনোনীত দুই বা তিনজনই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
যুক্তরাজ্য ১৯৯৭ সালে হংকংকে চীনের হাতে ফিরিয়ে দেওয়ার পর থেকে সেখানেই এটাই সবচেয়ে বড় বিক্ষোভ। দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছিল, সেখানে বিদ্যমান অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা একটি নির্দিষ্ট সময় বজায় থাকবে, যা চীনের চেয়ে আলাদা।
চীনের বিবৃতি: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে হংকংয়ের বিক্ষোভকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে আবারও বলেছে, হংকং সরকার এ বিক্ষোভ থামাতে যেসব পদক্ষেপ নিচ্ছে, তাকে বেইজিং সমর্থন করে। মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং এক নিয়মিত ব্রিফিংয়ে বলেন, ‘হংকংয়ে এখন একটি অবৈধ জমায়েত চলছে এবং সেখানে অসংখ্য অবৈধ কর্মকাণ্ড চালানো হয়েছে। এটি আইনের শাসনকে ক্ষতিগ্রস্ত করেছে।