হংকংয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগুন, আটকা ৩০০
চীনের আধাস্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগুন লাগায় ভবনটির ছাদে ৩০০–এর বেশি মানুষ আটকা পড়েছেন। সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, আজ বুধবার দুপুর সাড়ে ১২টা দিকে সেখানে আগুনের সূত্রপাত হয়।
একটি ইলেকট্রিক সুইচ রুম থেকে সেখানে আগুনের সূত্রপাত হয়। এরপরই ভবনের বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়ে এবং এলাকা ধোঁয়ায় ছেয়ে যায়। ৩৮ তলা এই ভবনটি কজওয়ে বে এলাকায়। শ্বাসতন্ত্রে অতিরিক্ত মাত্রায় ধোঁয়া প্রবেশ করায় ও আহত আটজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে একজন পুরুষ ও ছয়জন নারী। আর পায়ে আঘাত পাওয়া ৫২ বছর বয়সী এক নারীকেও হাসপাতালে নেওয়া হয়েছে।
ইতিমধ্যে অনেককে উদ্ধার করা হয়েছে। তবে ক্রেতা ও রেস্তোরাঁয় যাওয়া লোকজন আটকা পড়েছেন। অগ্নিকাণ্ডের পর এখন পর্যন্ত সেখানে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এ ছাড়া ঘটনাস্থলেই আহত ব্যক্তিদের চিকিৎসাসেবা দিতে সেখানে জরুরি চিকিৎসা কার্যক্রম শুরু করেছে হংকংয়ের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন অগ্নিনির্বাপণকর্মীরা। ভবনের ভেতর আটকা পড়াদের উদ্ধারে মই ব্যবহার করা হচ্ছে।