হংকংয়ের বিক্ষোভকারীদের লাঠিপেটা করে সরিয়ে দিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকং সরকারের সদর দপ্তরের কাছ থেকে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের গতকাল বুধবার ভোরে লাঠিপেটা করে সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ‘বেআইনি সমাবেশ’ করার অভিযোগে ঘটনাস্থল থেকে নারীসহ ৪৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। খবর এএফপি ও রয়টার্সের।
স্থানীয় টেলিভিশন নেটওয়ার্ক টিভির খবরে বলা হয়, একটি আন্ডারপাসে সমবেত ওই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে পুলিশ। এ ছাড়া বিক্ষোভকারীদের লক্ষ্য করে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। শহরে যান চলাচল স্বাভাবিক করার কথা বলে এ নিয়ে তৃতীয় দিনের মতো বিক্ষোভকারীদের হটাতে চড়াও হলো পুলিশ।
গত মঙ্গলবার শহরের অন্যান্য অংশ থেকে সরে এসে লুঙ য়ো সড়কের একটি আন্ডারপাস দখল করেছিল বিক্ষোভকারীরা। এর কয়েক ঘণ্টার মধ্যেই তাদের সরিয়ে দিতে অভিযানে নামে পুলিশ।
একজন বিক্ষোভকারীকে পুলিশ আড়ালে নিয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ উঠেছে। হংকংয়ের নিরাপত্তাবিষয়ক প্রধান বলেছেন, এতে জড়িত থাকার অভিযোগে কয়েকজন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হংকংয়ে বিক্ষোভকারীদের ওপর ‘ভয়াবহ’ নির্যাতনের নিন্দা জানিয়েছে।
এদিকে হংকংয়ের গণতন্ত্রপন্থীদের প্রতি তাইওয়ানের সমর্থনকে ‘দায়িত্বজ্ঞানহীন’ উল্লেখ করে এর নিন্দা করেছে চীন।
চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের প্রশাসক নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন দেবে চীন, এ ঘোষণার পরই হংকংয়ের গণতন্ত্রপন্থীরা বিক্ষোভ শুরু করে।