হংকংয়ের স্বাধীনতাকামী দুই আইনপ্রণেতাকে অযোগ্য ঘোষণা
হংকংয়ের দুই স্বাধীনতাকামী আইনপ্রণেতাকে তাঁদের পদের অযোগ্য ঘোষণা করেছেন আদালত। ফলে তাঁরা আইন পরিষদে যোগ দিতে পারবেন না। ইয়াউ ওয়াইচিং ও সিক্সটাস বাতিও লিউং নামের স্থানীয় আইনসভার ওই দুই সদস্য গত মাসে শপথ নেওয়ার সময় চীনের প্রতি আনুগত্য প্রকাশে অস্বীকৃতি জানান।
গত সপ্তাহে বেইজিং ঘোষণা করে, কোন নির্বাচিত সদস্য ‘যথাযথভাবে’ শপথ না নিলে পদের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন না। তখনই বেইজিংয়ের এই সিদ্ধান্তকে আইনের শাসনের পরিপন্থী হিসেবে উল্লেখ করে হাজারো লোক রাজপথে বিক্ষোভ করে। তবে হংকংয়ের আরও স্বাধীনতা চাওয়ার দাবির বিরুদ্ধেও বিক্ষোভ হচ্ছে।
গতকাল মঙ্গলবার বিচারপতি টমাস উ বলেন, ‘যেহেতু ওই আইনপ্রণেতারা যথাযথভাবে শপথ নিতে চাননি, তাই তাঁদের পদ শূন্য ঘোষণা করা হচ্ছে।’
গত সেপ্টেম্বরে ইয়ং অ্যাসপিরেশন পার্টি থেকে নির্বাচিত হন ওই দুই আইনপ্রণেতা। তাঁরা কয়েকবারই শপথ নেওয়ার চেষ্টা করেন। প্রতিবারই চীনের প্রতি আনুগত্য এড়িয়ে অন্য কথা বলে শপথ নেওয়ার চেষ্টা করেন তাঁরা।
১৯৯৭ সালে হংকং যুক্তরাজ্যের হাত থেকে চীনের শাসনে ফিরে আসার পর ভূখণ্ডটির আইনব্যবস্থায় বেইজিংয়ের অন্যতম প্রত্যক্ষ হস্তক্ষেপের ঘটনা এটি।
হংকং চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল। সেখানে আধা স্বায়ত্তশাসন রয়েছে।