হঠাৎ বিয়ে পাগলা জিহাদীরা!

ইরাক ও সিরিয়ায় লড়াইরত সুন্নী বিদ্রোহীরা এবার বিয়ের দিকে মন দিয়েছেন। জিহাদীরা তাঁদের বিয়ে করতে রাজি আছেন এমন পাত্রীদের জীবনবৃত্তান্ত চেয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তিও দিয়ে ফেলেছেন। ডেইলি মেইলের একটি প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, জিহাদীদের বিয়ে করার স্বপ্নে বিভোর নারীদের স্বপ্ন পূরণের আয়োজন করেছে সংগঠনটি। এক সময় নিজেদের ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস) হিসেবে পরিচয় দেওয়া সংগঠনটি বর্তমানে আইএস (ইসলামিক স্টেট) হিসেবে পরিচিত।
জিহাদীদের বিয়ে করতে আগ্রহী নারীদের সন্ধান করতে সিরিয়ার আলেপ্পোর আল-বাবে এলাকায় একটি ‘ঘটকালি কার্যালয়’ খোলা হয়েছে।
আগ্রহী অবিবাহিত নারী ও বিধবাদের জীবনবৃত্তান্ত দেওয়ার জন্য অনুরোধ করেছে আইএস। সেখান থেকে জিহাদীরা যাচাই-বাছাই করে বিয়েতে ইচ্ছুক নারীদের সঙ্গে যোগাযোগ করে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দেবে।
সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক সংগঠনের বরাত দিয়ে ডেইলি মেইল খবরটি প্রকাশ করেছে। সংগঠনটির মতে, শুধু বিয়েতেই এর সমাপ্তি নয়।
জিহাদী দম্পতিদের মধুচন্দ্রিমা উদযাপনের জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। সিরিয়া ও ইরাকের যে বিশাল এলাকা জিহাদীরা দখল করে নিয়েছে সেখানকার দর্শনীয় স্থানে গিয়ে নবদম্পতি যাতে মধুচন্দ্রিমা করতে পারে সেজন্য প্রমোদ বাসগাড়ির ব্যবস্থা রাখা হয়েছে। এই বাসে চড়ে নবদম্পতি পছন্দমতো জায়গায় ঘুরতে পারবে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নববিবাহিতদের নিয়ে বাসটি যখন জিহাদীদের ঘোষিত রাষ্ট্রে ভ্রমণ করে; তখন তাতে জিহাদীদের কালো পতাকা ওড়ানো হয়। সঙ্গে থাকে জিহাদী গান।