হঠাৎ মস্কোয় হাজির বাশার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রেমলিনে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । ছবি: এএফপি
ক্রেমলিনে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । ছবি: এএফপি

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ অঘোষিত সফরে মস্কো গেছেন। সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাশার মস্কো সফরে আসেন ও পুতিনের সঙ্গে বৈঠক করেন।
রুশ প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ নিয়ে দুই নেতা আলোচনা করেছেন। তাঁরা সিরিয়ায় চলমান রুশ বিমান হামলা ও সিরীয় সেনাদের পরিকল্পনা নিয়ে কথা বলেন।
গত মাসের শেষ দিকে সিরিয়ায় বিমান হামলা শুরু করে রাশিয়া। মস্কোর ভাষ্য, তারা ইসলামিক স্টেট (আইএস) ও অন্য জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালাচ্ছে।
সিরীয় প্রেসিডেন্টের মস্কো সফর নিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, ২০১১ সালের পর এই প্রথম বিদেশ সফর করলেন বাশার।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়।

মস্কোয় বাশারের এই ঝটিকা সফর তাঁর আত্মবিশ্বাস বাড়ার ইঙ্গিত দিচ্ছে।

অন্যদিকে সিরিয়ার বর্তমান সরকারের ওপর মস্কো যে আস্থাশীল, এ ঘটনা তারই ইঙ্গিত দিচ্ছে।

বাশার এখনো মস্কোয়, নাকি দামেস্কে ফিরেছেন, তা স্পষ্ট নয়।