হঠাৎ হাত মেলালেন মোদি-শরিফ

ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি ও নওয়াজ শরিফের মধ্যে হাত মেলানোর মধ্য দিয়ে শেষ হলো দক্ষিণ এশিয়ার নেতাদের শীর্ষ সার্ক সম্মেলন।
সম্মেলনে সংস্থার সহযোগী আটটি দেশের সর্বসম্মতিক্রমে বিদ্যুৎ খাতে সহযোগিতার জন্য একটি চুক্তিসই হয়েছে। বিদ্যুৎসহ বিভিন্ন বিষয়ে ১০টি চুক্তিসইয়ের মাধ্যমে শেষ হলো দুই দিনের এই সম্মেলন।
নেপালের পররাষ্ট্রমন্ত্রী মহেন্দ্র বাহাদুর পান্ডের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে, সম্মেলনের শেষ দিনে একপর্যায়ে নরেন্দ্র মোদি ও নওয়াজ শরিফ করমর্দন করেন। এরপর দুই দেশের নেতা সাংবাদিকদের সামনেও পুনরায় হাত মেলান এবং দুজনকেই হাস্যোজ্জ্বল দেখা যায়। এর আগে সম্মেলনের পুরোটা সময়জুড়েই দুই দেশের নেতাদের মধ্যে কোনো কথাও হয়নি।
চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের নেতাদের মধ্যে বৈরীভাব আরও প্রকটভাবে প্রকাশ পায় যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বক্তব্য দেন। অভিযোগ উঠেছে, নওয়াজের বক্তব্য শুরুর সময় নরেন্দ্র মোদি সার্ক সম্মেলনের এজেন্ডাবিষয়ক পুস্তিকা পড়তে শুরু করেন।
এ ছাড়া দুই দেশের মধ্যে বৈরী হাওয়া বইতে শুরু করে যখন গত মাসে ভারত সীমানায় সন্ত্রাসী হামলায় ২০ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। এদিকে আজও নতুন করে ভারত-পাকিস্তান সীমান্তে তিন ভারতীয় সেনা নিহত হয়েছে।