হত্যার দায়ে কোরীয় ফেরির ক্যাপ্টেনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ায় ফেরি ডুবে তিন শতাধিক যাত্রী নিহত হওয়ার ঘটনায় এর ক্যাপ্টেন লি জুন-সিওককে দোষী সাব্যস্ত করেছেন আপিল আদালত। পাশাপাশি আদালত সাজা বাড়িয়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। খবর এএফপির।
নিম্ন আদালত ক্যাপ্টেন সিওককে হত্যার অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে অবহেলাজনিত অপরাধের দায়ে ৩৬ বছরের কারাদণ্ড দিয়েছিলেন। ক্যাপ্টেনকে হত্যার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ায় নিহত ব্যক্তিদের স্বজনেরা ক্ষুব্ধ হন।
২০১৪ সালের ১৬ এপ্রিল ৪৭৬ জন যাত্রী নিয়ে ওই ফেরিটি ডুবে যায়। ওই দুর্ঘটনায় ৩০৪ জন নিহত হয়। এর মধ্যে ২৫০ জনই ছিল শিক্ষার্থী।
আপিলের শুনানি চলার সময় কৌঁসুলিরা ক্যাপ্টেনের বিরুদ্ধে ইচ্ছাকৃত অবহেলার মাধ্যমে যাত্রীদের হত্যা করার মতো গুরুতর অভিযোগের বিষয়টি পুনর্বিবেচনার জন্য আদালতকে অনুরোধ করেন। তাঁরা যুক্তি দেখান, ক্যাপ্টেন সিওক মৃত্যুদণ্ডের মতো সাজা পাওয়ার যোগ্য। যাত্রীরা মারা যেতে পারেন—এমন পরিষ্কার ধারণা থাকার পরও তিনি তাঁদের ফেলে ফেরি ত্যাগ করেন। ঘটনার পর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ক্যাপ্টেন ও অন্য কর্মীরা যাত্রীদের আটকা পড়া অবস্থায় রেখেই ফেরি ত্যাগ করছেন। ওই ভিডিও প্রকাশের পর তাঁরা ব্যাপকভাবে নিন্দিত হন। মূল বিচারকাজ চলার সময় ক্যাপ্টেন বলেছিলেন, যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, তাতে তিনি মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য। তবে ইচ্ছাকৃতভাবে তিনি যাত্রীদের জীবন বিপন্ন করেননি।
গত নভেম্বরে ফেরির ১৪ জন কর্মীকে পাঁচ থেকে ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড দেন আদালত। তবে আপিল আদালত ১২ থেকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছেন।