হত্যার হুমকির জন্য আইএসের তীব্র নিন্দা আবের

জাপানের নাগরিক বন্দী জেনজি গোতোকে ২৪ ঘণ্টার মধ্যে হত্যা করা হবে বলে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা যে হুমকি দিয়েছে, তাকে ‘ঘৃণ্য’ আখ্যা দিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে।
এদিকে জর্ডান সরকার বলেছে, আইএসের হাতে জিম্মি সে দেশের বৈমানিক মোয়াজ আল-কাসাবেকে মুক্ত করার জন্য আটক এক জঙ্গিকে ছেড়ে দিতে তারা প্রস্তুত। খবর এএফপি ও বিবিসির।
আইএস গত মঙ্গলবার দুপুরে হুমকি দিয়ে একটি নতুন ভিডিও প্রকাশ করে। এতে যে কণ্ঠস্বর শোনা যায়, তা সম্ভবত জেনজি গোতোর। ওই ভিডিওতে তিনি বলেন, জর্ডানে বন্দী ইরাকি নারী সাজিদা আল-রিশাওয়িকে মুক্তি না দিলে তাঁকে (গোতো) এবং জর্ডানের বৈমানিক মোয়াজ আল-কাসাবেকে হত্যা করা হবে। এতে বলা হয়, গোতোর জন্য ২৪ ঘণ্টা এবং জর্ডানি বৈমানিক কাসাবের জন্য আরও কম সময় আছে।
আইএস গত রোববার জানায়, আরেক জাপানি জিম্মি হারুনা ইউকাওয়াকে হত্যা করা হয়েছে। তাঁর জন্য ২০ কোটি মার্কিন ডলার মুক্তিপণ দাবি করা হয়েছিল।
মন্ত্রিসভার বৈঠকের আগে সাংবাদিকদের আবে বলেন, ‘চরম ঘৃণ্য’ ওই ভিডিও দেখে তিনি মর্মাহত। দেশে ও বিদেশে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়ার জন্য তিনি মন্ত্রীদের আহ্বান জানান।
আল-কায়েদার জঙ্গি আল-রিশাওয়িকে জর্ডানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২০০৫ সালে এক সন্ত্রাসী হামলায় ৬০ জনকে হত্যার ঘটনায় তিনি দোষী সাব্যস্ত হন। কেনজি গোতো একজন ফ্রিল্যান্স সাংবাদিক এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রনির্মাতা হিসেবে পরিচিত। তিনি স্বদেশি ইউকাওয়াকে মুক্ত করার লক্ষ্যে গত অক্টোবরে সিরিয়ায় গিয়েছিলেন।
গোতোর জীবন বাঁচানোর জন্য তাঁর মা প্রধানমন্ত্রী আবের প্রতি আবেদন জানিয়েছেন। তবে ব্যাপারটি এখন জাপানের চেয়ে জর্ডান সরকারের ওপর বেশি নির্ভর করছে বলেই মনে হচ্ছে। বৈমানিক আল-কাসাবেথকে যেকোনো মূল্যে বাঁচানোর জন্য তাঁর বাবাও জর্ডানের সরকারের প্রতি আবেদন জানিয়েছেন।