হত্যার হুমকির পর সু চির নিরাপত্তায় পুলিশ মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেতা অং সান সু চির নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে। দেশের প্রেসিডেন্ট হলে সু চিকে হত্যা করা হবে বলে সম্প্রতি এক নাগরিক ফেসবুকে হুমকি দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বিবিসির।
পুলিশের এক শীর্ষ কর্মকর্তা গতকাল বিবিসির বার্মিজ বিভাগকে জানান, সু চির নিরাপত্তায় পুলিশের একটি বিশেষ ইউনিটকে মোতায়েন করা হচ্ছে।
সু চির প্রেসিডেন্ট হওয়ার পথ উন্মুক্ত করতে দেশের সংবিধান সংশোধনের সম্ভাবনা দেখা দেওয়ার পর চলতি মাসের প্রথম দিকে তাঁকে হত্যার হুমকি দেন এক ব্যক্তি। পরে তিনি এ জন্য ক্ষমা চেয়েছেন। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে পুলিশ।
পুলিশের ওই কর্মকর্তা বিবিসিকে বলেন, ‘ফেসবুকে হুমকির বিষয়টি নজরে আসার পর সু চির নিরাপত্তায় বিশেষ নজর দেওয়ার জন্য আমি স্থানীয় পুলিশকে নির্দেশ দিয়েছি। তাঁর মতো মানুষের কিছু হলে আমরা তা মেনে নিতে পারব না।’