বিশ্বজুড়ে নিন্দা নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক
হাইড্রোজেন বোমার সফল পরীক্ষার দাবি উ. কোরিয়ার
সারা বিশ্বকে বুড়ো আঙুল দেখিয়ে গতকাল বুধবার প্রথমবারের মতো হাইড্রোজেন বোমার এক সফল পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া। এ দাবি সঠিক হলে তা হবে ২০০৬ সালের পর কমিউনিস্ট রাষ্ট্রটির চতুর্থ পরমাণু বোমা পরীক্ষা চালানোর ঘটনা।
ভূগর্ভে চালানো এ পরীক্ষার তীব্র প্রতিক্রিয়া হয়েছে বিশ্বজুড়ে। গতকালই জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। পরীক্ষা চালানোর খবরে নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ।
বিবিসি, এএফপিসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, গতকাল হাইড্রোজেন বোমার ওই প্রথম পরীক্ষা চালানোর পর উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের ঘোষক বলেন, ‘রাষ্ট্রের প্রথম হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা হয়েছে ৬ জানুয়ারি সকাল ১০টায়। ওয়ার্কার্স পার্টির কৌশলগত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই হয়েছে এই পরীক্ষা।’
উত্তর কোরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কিলজু থেকে ৫০ কিলোমিটার দূরের পুংগে-রিতে এ পরীক্ষা চালানো হয়। পুংগে-রির কাছে রিখটার স্কেলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ভূমিকম্প পরিমাপকারী সংস্থা বলেছে, সম্ভবত কোনো স্বাভাবিক ভূকম্পনের ঘটনা নয় এটা।
হাইড্রোজেন বোমার পরীক্ষার বিষয়ে উত্তর কোরিয়ার দাবি প্রসঙ্গে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, এ বিষয়ে তাঁরা এখনো নিশ্চিত নন।
তবে চীনের চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) জানায়, বোমা পরীক্ষাস্থলের কাছের সীমান্তবর্তী চীনের জিলিন প্রদেশের ইয়ানজি, হুনচুন ও চাংবাই এলাকা কেঁপে ওঠে। এসব এলাকার মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে চলে আসে। বিভিন্ন কারখানার শ্রমিকদের কাজ বন্ধ করে দেওয়া হয়।
বিশ্বজুড়ে প্রতিক্রিয়া: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গতকালই এক জরুরি বৈঠকের ঘোষণা দিয়ে বলে, ১৫ সদস্যের সংস্থাটি এক রুদ্ধদ্বার বৈঠক করবে। জাতিসংঘ এর আগে একাধিক প্রস্তাবে উত্তর কোরিয়ার যেকোনো ধরনের পরমাণু কার্যক্রম নিষিদ্ধ করে।
যুক্তরাষ্ট্র এ পরীক্ষার বিষয়ে নিশ্চিত নয় বলে উল্লেখ করেও উত্তর কোরিয়ার যেকোনো ধরনের উসকানির ‘যথাযথ উত্তর দেওয়ার’ হুমকি দিয়েছে। উত্তর কোরিয়ার সঙ্গে সখ্যভাব যার বেশি, সেই চীন বলেছে যে তারা এই পরীক্ষার ‘দৃঢ়ভাবে বিরোধিতা’ করে। জাপান একে তাদের জাতীয় নিরাপত্তার একটি ‘বড় হুমকি’ বলে আখ্যায়িত করেছে। রাশিয়া বলেছে, বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয়েছে। সেই সঙ্গে তারা এ বিষয়ে আলোচনার আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন উত্তর কোরিয়াকে এই ‘বেআইনি ও ভয়াবহ আচরণ বন্ধের আহ্বান’ জানিয়েছে। জার্মানিতে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড টুইটারে লিখেছেন, ‘হাইড্রোজেন বোমার পরীক্ষার খবর যদি সত্যি হয়, তবে তা হবে নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের চরম লঙ্ঘন।’
১৯৪৫ সালের ৬ ও ৯ আগস্ট জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পরমাণু বোমা বিস্ফোরণের ভয়াবহতা দেখেছে সারা বিশ্ব। কিন্তু সেই পরমাণু বোমা হাইড্রোজেন বোমার কাছে অনেকটাই নস্যি। ‘লিটল বয়’ নামে হিরোশিমায় ফেলা বোমাটি ছিল ১৫ কিলো টন ক্ষমতাসম্পন্ন। আর নাগাসাকি ধ্বংস করা ‘ফ্যাট ম্যান’ ছিল ২০ কিলো টন ক্ষমতাসম্পন্ন। ১৯৫৪ সালে যুক্তরাষ্ট্র যে হাইড্রোজেন বোমার পরীক্ষা করে, এর ক্ষমতা ছিল ১৫ মেগা টন। হিরোশিমার বোমার চেয়ে এর শক্তি হাজার গুণেরও বেশি।
উত্তর কোরিয়ার এই পরীক্ষার ঘটনা যে হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা, তা নয়। গত ডিসেম্বরে উত্তর কোরীয় নেতা কিম জং-উন তাঁর দেশে হাইড্রোজেন বোমা থাকার দাবি করেন।
উত্তর কোরিয়া এর আগে ২০০৬, ২০০৯ ও ২০১৩ সালে তিন দফায় পরমাণু বোমার পরীক্ষা করে।
কেন এখনই এ বোমার বিস্ফোরণ?: মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদনে বলা হচ্ছে, আগামীকাল শুক্রবার কিম জং-উনের ৩৩তম জন্মদিন। তাই এ বোমা ফাটানো ছিল তাঁর জন্মদিনের আগাম উপহার। এ ছাড়া আরেকটি কারণও আছে। আগামী মে মাসে বহু প্রতীক্ষিত সপ্তম কংগ্রেস কমিউনিস্ট দেশটিতে ক্ষমতাসীন দল কোরিয়ান ওয়ার্কার্স পার্টির। টোকিওর ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের উত্তর কোরিয়া বিশেষজ্ঞ তোসিমিৎসু সিজেমুরা বলেন, দলের কংগ্রেসের আগে কিম জং-উনের ভালো কিছু একটা দেখাতে হবে। তাঁর বাবা হাইড্রোজেন বোমার পরীক্ষা চালাতে পারেননি। তিনি এখন দাবি করতে পারেন যে তিনি পেরেছেন। এই প্রাপ্তি তো কম কিছু নয়।’