হাজারো বন্দীকে গোপনে ফাঁসি দিয়েছে সিরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার একটি কারাগারে গোপনে প্রায় ১৩ হাজার বন্দীকে ফাঁসিতে ঝোলানো হয়েছে বলে অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। লন্ডনভিত্তিক সংগঠনটি বলছে, ফাঁসিতে ঝোলানো ব্যক্তিদের অধিকাংশই বেসামরিক লোক এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধী পক্ষের সমর্থক।
অ্যামনেস্টি তাদের প্রতিবেদনে বলেছে, সিরিয়ার কুখ্যাত সেদনায়া কারাগারে ২০১১ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ডিসেম্বরের মধ্যে প্রতি সপ্তাহে গণহারে বন্দীদের ফাঁসিতে ঝোলানো হয়েছে। অনেক সময় সপ্তাহে ৫০ জন পর্যন্ত লোককে ফাঁসি দেওয়া হয়েছে।
মানবাধিকার সংগঠনটির ভাষ্য, মৃত্যুদণ্ডগুলো সিরিয়া সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অনুমোদন দেওয়া হয়।
তবে বন্দীদের হত্যা বা তাঁদের ওপর নিপীড়নের অভিযোগ অস্বীকার করে আসছে সিরিয়া সরকার।
অ্যামনেস্টির ভাষ্য, তারা তাদের প্রতিবেদনের জন্য ৮৪ জন ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছে। সাক্ষাৎকারদাতাদের মধ্যে সাবেক কারারক্ষী, বন্দী ও কারা কর্মকর্তা রয়েছেন।
সেদনায়া কারাগার সিরিয়ার রাজধানী দামেস্কের উত্তরে অবস্থিত।
অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, বিচারের জন্য বন্দীদের প্রথমে একটি সামরিক আদালতে নেওয়া হতো। সেখানে মাত্র এক থেকে তিন মিনিটের মধ্যে বিচারকাজ শেষ হতো। সামরিক আদালতের এক সাবেক বিচারকের উদ্ধৃতি দিয়ে মানবাধিকার সংগঠনটি জানিয়েছে, বন্দীদের কাছে জানতে চাওয়া হতো কথিত অপরাধ তাঁরা করেছেন কি না। ‘হ্যাঁ-না’ যে জবাবই আসুক, বন্দীকে দণ্ড দেওয়া হতো।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সাক্ষ্যের ভিত্তিতে অ্যামনেস্টির হিসাব বলছে, সেদনায়া কারাগারে পাঁচ বছরে ফাঁসিতে ঝুলিয়ে ৫ থেকে ১৩
হাজার বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।