হাতির ভয়ে গাছে ঘর

বনের হাতি খাবারের খোঁজে চলে আসছে লোকালয়ে। চালাচ্ছে নানা তাণ্ডব। এ থেকে বাঁচতে লোকালয়ের বাসিন্দারা ঠাঁই নিয়েছে গাছে। অভিনব এ ঘটনাটি ঘটেছে মিয়ানমারের কেয়াত চুয়াং শহরতলিতে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্যমতে, ১৯৯০ থেকে ২০১০ সালের মধ্যে মিয়ানমারে প্রায় ২০ শতাংশ বনভূমি কমেছে। এতে বাসস্থান হারাচ্ছে হাতির দল। দেখা দিচ্ছে বন্যহাতির খাবারের সংকট। পেট তো আর সে কথা বোঝে না। তাই খাবারের খোঁজে ক্ষুধার্ত হাতি দলবেঁধে লোকালয়ে চলে আসে। তাদের পায়ের নিচে নষ্ট হয় ফসলের খেত, বসতবাড়ি, মারা পড়ে মানুষ।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, কেয়াত চুয়াং শহরতলির পাশেই বন। সেখানে অনেক হাতি। বনে খাবার না পেলে তারা শহরতলির জনপদে চলে আসে। তা সপ্তাহে অন্তত এক দিন। এ নিয়ে আতঙ্কে ঘুম হারাম বাসিন্দাদের। জীবন বাঁচাতে লোকালয়ের বিভিন্ন গাছে বাঁশ ও কাঠ দিয়ে ঘর বানিয়ে নিয়েছে তারা। যখনই হাতির পালের লোকালয়ে আসার পদধ্বনি শুনতে পায় বাসিন্দারা, তখনই গাছের ওপরের ওই বাসায় আশ্রয় নেয় তারা।
সান লেউইন নামের এক বাসিন্দা বলেন, ‘নিরাপত্তার জন্য আমাদের ঘর-বাড়ি গাছের ওপরই সরিয়ে নিতে হবে বলে মনে হচ্ছে।’ এখানকার বাসিন্দারা জানাল, গত তিন বছর ধরে বনের হাতিদের এমন অত্যাচার শুরু হয়েছে। এ থেকে তারা পরিত্রাণ চায়। কোনো রকম আতঙ্ক ছাড়াই নিজের ঘর-বাড়িতে শান্তিতে থাকতে চায় তারা।
৫৭ বছর বয়সী কৃষক থেইন শিন বলেন, ‘আমরা চাই, হাতির পাল যাতে এখানে আর না আসে, সে ব্যবস্থা নেওয়া হোক। আমরা যেন শান্তিতে বাস করতে পারি।’