হামলাকারী থাইল্যান্ডে ঢুকেছিলেন ঘুষ দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের মন্দিরে সন্দেহভাজন বোমা হামলাকারী ওই দেশে ঢুকেছিলেন পুলিশকে ৬০০ ডলার ঘুষ দিয়ে। থাইল্যান্ড পুলিশের প্রধান সোমিয়াত পুমপানমং গত বুধবার এ কথা জানান। গত ১৭ আগস্ট ব্যাংককের ইরাওয়ান ব্রহ্মামন্দিরে বোমা হামলায় ১১ বিদেশিসহ ২০ জন নিহত হন। খবর এএফপির।
মন্দিরে হামলায় জড়িত অভিযোগে গত মাসের শেষ দিকে ব্যাংককের পূর্বাঞ্চলের একটি ফ্ল্যাট থেকে আদেম কারাদাগ নামের এক বিদেশি গ্রেপ্তার হন। পুলিশ বলছে, তাঁর কাছ থেকে বোমা বানানোর সামগ্রী ও তুরস্কের কয়েকটি ভুয়া পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। হামলায় কারাদাগের কী ভূমিকা ছিল, তা নিয়ে পুলিশ বিস্তারিত কিছু বলেনি। পুলিশপ্রধান বলেন, কারাদাগ বলেছেন যে তিনি ভিয়েতনাম থেকে পার্শ্ববর্তী একটি দেশে আসেন। সেখান থেকে টাকা দিয়ে থাইল্যান্ডে ঢোকেন। সেই পার্শ্ববর্তী দেশের নামটি অবশ্য বলেনি পুলিশ। তবে দেশটি হতে পারে লাওস বা কম্বোডিয়া।
পুলিশপ্রধান আরও বলেন, থাইল্যান্ডে ঢুকতে সীমান্তে কারাদাগকে ৬০০ ডলার দিতে হয়েছে। কোন পুলিশ কর্মকর্তা কারাদাগের কাছে থেকে টাকা নিয়েছেন, তাঁর নাম বলেননি পুলিশপ্রধান। তিনি বলেন, ঘুষ নেওয়ার ঘটনা লজ্জাজনক।
ওই হামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া আরেক বিদেশি ইউসুফু মিরাইলিকে থাইল্যান্ডের কম্বোডিয়া সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, তাঁর কাছে একটি চীনা পাসপোর্ট পাওয়া গেছে এবং সেটি জাল নয়।
মন্দিরে হামলার পর ভিডিও ফুটেজে এক তরুণকে তাঁর কাঁধের ব্যাগ ফেলে রাখতে দেখা যায়। সেই তরুণ ওই ব্যাগ ফেলে চলে যাওয়ার পরপরই বিস্ফোরণ ঘটে। পুলিশ বলছে, ওই তরুণকে বোমা দেওয়ার কথা স্বীকার করেছেন মিরাইলি।