হামলাকারীরা আইএসের ইরানি সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিসিটিভি থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে পার্লামেন্ট ভবনে প্রবেশ করছেন এক বন্দুকধারী l রয়টার্স
সিসিটিভি থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে পার্লামেন্ট ভবনে প্রবেশ করছেন এক বন্দুকধারী l রয়টার্স

তেহরানে বুধবার জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হয়ে সন্ত্রাসী হামলা চালানো পাঁচ ব্যক্তিই ইরানি নাগরিক। তাঁরা আইএসে যোগ দিয়েছিলেন এবং ইরাক ও সিরিয়ায় আইএসের হয়ে লড়াই করেছেন। গত গ্রীষ্মে ইরানে ফিরে আসেন। পার্লামেন্ট ও ইমাম খোমেনির মাজারে হামলার পরদিন গতকাল বৃহস্পতিবার ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। এই জোড়া হামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে।

এদিকে তেহরানে হামলার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা মন্তব্যের একাংশকে ‘আপত্তিকর’ আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। ট্রাম্প ঘটনার নিন্দা করলেও বলেছিলেন, যে বদমাশদের ইরান সহায়তা করে, এবার দেশটি তাদেরই শিকার হয়েছে।

বুধবার সকালে শিয়া মুসলিমপ্রধান ইরানের গুরুত্বপূর্ণ দুই স্থাপনা দেশটির পার্লামেন্ট ভবন ও ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লা খোমেনির মাজারে আলাদাভাবে সন্ত্রাসী হামলা চালায় আইএস। ইরানে জঙ্গিগোষ্ঠীটির এটি প্রথম হামলা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘পাঁচ জঙ্গি...জঙ্গিগোষ্ঠী দায়েশে (আইএসের আরেক নাম) যোগ দেওয়ার পর দেশ ছাড়েন। তাঁরা মসুল ও রাকায় জঙ্গিগোষ্ঠীটির অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত হন।’ বিবৃতিতে জোড়া হামলায় পাঁচজন অংশ নিয়েছিলেন বলে নিশ্চিত করা হয়। এর আগে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপসচিব রেজা সাইফুল্লাহ হামলাকারীর সংখ্যা ছয়জন বলে জানিয়েছিলেন।

ইরান কর্তৃপক্ষ মৃত হামলাকারীদের ছবি এবং নামের প্রথম অংশ প্রকাশ করেছে। সেই সঙ্গে হামলায় মৃতের সংখ্যা ১৭ বলে জানিয়েছে। প্রথম দিন হামলায় ১৩ জন নিহতের কথা বলা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পাঁচ হামলাকারী ছিলেন একটি জঙ্গি নেটওয়ার্কের অংশ। তাঁরা ‘উচ্চপদস্থ দায়েশ কমান্ডার’ আবু আয়েশার নেতৃত্বে ২০১৬ সালের জুলাই-আগস্ট মাসে ইরানে প্রবেশ করেন। আবু আয়েশা একপর্যায়ে নিহত হলে ওই নেটওয়ার্কটির সদস্যরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়।

তেহরানে হামলায় হতাহত ব্যক্তিদের প্রতি শোক জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘যেসব রাষ্ট্র সন্ত্রাসবাদে মদদ দেয়, তারা সন্ত্রাসের শিকার হওয়ার ঝুঁকিতে থাকে।’ এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ গতকাল টুইটারে লেখেন, ‘হোয়াইট হাউসের মন্তব্য আপত্তিকর...কারণ ইরানকেই যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট সন্ত্রাসীদের মোকাবিলা করতে হয়।’

এদিকে ইরানের পুলিশ বুধবারের হামলায় জড়িত সন্দেহে খোমেনির মাজারের কাছ থেকে পাঁজচনকে গ্রেপ্তার করেছে। গোয়েন্দা মন্ত্রণালয়ের দাবি, বুধবার হামলা দুটি শুরুর আগে তৃতীয় একটি হামলা তারা নস্যাৎ করে দেয়।

উল্লেখ্য, গত মার্চে আইএসের ফারসি ভাষায় প্রকাশ করা প্রথম ভিডিওতে ‘ইরান জয়’ এবং দেশটিকে আগের মতো সুন্নি মুসলিমদের দেশে পরিণত করার বার্তা ছিল।

ইরাক ও সিরিয়ায় আইএসবিরোধী লড়াইয়ে সক্রিয়ভাবে জড়িত ইরান। দেশটির জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ শিয়া মুসলিম। ইরাক ও পাকিস্তানের সঙ্গে লাগোয়া দেশটির সীমান্তবর্তী এলাকায় সংখ্যালঘু সুন্নি মুসলিমদের বসবাস।