হামলায় থেমে নেই আইএসের অগ্রযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ায় আইএসের ওপর মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলা শুরু হওয়ার পর দেশটির উত্তরাঞ্চলে তুরস্কের সীমান্তবর্তী কুর্দি-অধ্যুষিত এলাকায় জঙ্গিগোষ্ঠীটির যোদ্ধা ও সামরিক উপস্থিতি আরও বেড়েছে বলে দাবি করা হচ্ছে। ফাইল ছবি: এএফপি
সিরিয়ায় আইএসের ওপর মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলা শুরু হওয়ার পর দেশটির উত্তরাঞ্চলে তুরস্কের সীমান্তবর্তী কুর্দি-অধ্যুষিত এলাকায় জঙ্গিগোষ্ঠীটির যোদ্ধা ও সামরিক উপস্থিতি আরও বেড়েছে বলে দাবি করা হচ্ছে। ফাইল ছবি: এএফপি

সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের অবস্থানে গতকাল বুধবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সহযোগী মিত্ররা। তবে এতে একটি কুর্দি এলাকার দিকে ওই জঙ্গিগোষ্ঠীর অগ্রযাত্রা থেমে নেই। ওই এলাকা থেকে পলায়নপর কুর্দিদের ভাষ্য, জঙ্গিরা তাঁদের গ্রামের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে এবং বন্দীদের শিরশ্ছেদ করছে। 
স্থানীয় অধিবাসীদের দাবির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, তুরস্কের সীমান্তবর্তী একটি কুর্দি এলাকায় নিজেদের অগ্রযাত্রা জোরদার করেছে আইএস।
গতকাল মার্কিন নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ার পূর্বাঞ্চলে হামলা চালায়। তেলসমৃদ্ধ এলাকাটি আইএসের আয়ের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত। 
সিরিয়ার কুর্দিদের ভাষ্য, দেশটির উত্তরাঞ্চলে তুরস্কের সীমান্তবর্তী কুর্দি-অধ্যুষিত এলাকায় আগ্রাসী তৎপরতা বাড়ানোর মধ্য দিয়ে মার্কিন জোটের হামলার জবাব দিয়েছে আইএস। 
স্থানীয় কিছু অধিবাসীর ভাষ্য, জঙ্গিগোষ্ঠীটি উত্তরাঞ্চলের কোবানি শহরে হামলা জোরদার করেছে। 
মার্কিন জোটের দাবি, হামলায় ইতিমধ্যে আইএসের অনেক যোদ্ধা নিহত ও ঘাঁটি ধ্বংস হয়েছে। 
কিন্তু স্থানীয় অধিবাসীরা বলছেন ভিন্ন কথা। তাঁদের ভাষ্য, হামলা সত্ত্বেও আইএসের তৎপরতা থামেনি। জঙ্গিগোষ্ঠীটি কুর্দিদের শহর কোবানির দিকে এগিয়ে গেছে। সেখানে তারা হত্যাযজ্ঞ চালিয়েছে। কয়েকটি গ্রাম পুড়িয়ে দিয়েছে। অনেককে জিম্মি করেছে। 

জঙ্গি সংগঠনটির একটি সূত্র রয়টার্সের কাছে দাবি করেছে, তারা কোবানির পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি গ্রামের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়েছে।
কোবানির কুর্দি বাহিনীর উপনেতা ওসালান ইসো স্বীকার করেছেন, সিরিয়ায় আইএসের ওপর হামলা শুরু হওয়ার পর তাঁদের এলাকায় জঙ্গিগোষ্ঠীটির যোদ্ধা ও সামরিক উপস্থিতি আরও বেড়েছে।