হামাসও যুদ্ধাপরাধী: অ্যামনেস্টি
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, গত বছরের গ্রীষ্মে গাজার সংঘাতে হামাসসহ ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোর রকেট হামলায়ও অনেক সাধারণ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছিল। লন্ডনভিত্তিক সংগঠনটির ভাষায়, এভাবে ফিলিস্তিনি সংগঠনগুলো ‘যুদ্ধাপরাধ’ করেছিল। খবর এএফপি এবং ইনডিপেনডেন্টের।
অ্যামনেস্টি গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে ওই দাবি করে। এবারই প্রথম কোনো মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে ওই সংঘাতে কট্টর ফিলিস্তিনি সংগঠন হামাসকে অভিযুক্ত করা হলো। এর আগে বিভিন্ন কর্তৃপক্ষের একাধিক প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনীকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করা হয়। অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, হামাসের রকেটে ইসরায়েলের সীমান্তের ভেতরে যত লোক মারা গেছে, তার চেয়ে বেশি প্রাণ হারিয়েছে ফিলিস্তিনি ভূখণ্ডেই।
অ্যামনেস্টি বলছে, লক্ষ্য সুনির্দিষ্ট না হওয়ায় মর্টার হামলার ফলে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে। বলা হয়, ‘খুব দক্ষ হাতেও যদি মর্টার থেকে গোলা ছোড়া হয়, তবে অনেক সময় তা সঠিক লক্ষ্যে আঘাত না-ও হানতে পারে।’
৫০ দিনের ওই সংঘাতে হামাসনিয়ন্ত্রিত গাজায় ২ হাজার ২৫০ জন ফিলিস্তিনি নিহত হয়। এর মধ্যে ১ হাজার ৫৮৫ জনই ছিল সাধারণ নাগরিক। অন্যদিকে গাজা থেকে হামাসের রকেট হামলা ও মুখোমুখি সংঘর্ষে ইসরায়েলের দিকে ৬৬ সেনা ও ছয়জন সাধারণ মানুষ প্রাণ হারায়।
অ্যামনেস্টি ইসরায়েল এবং বিভিন্ন ফিলিস্তিনি সশস্ত্র দল—উভয়কেই গাজার লড়াইয়ের জন্য দায়ী করেছে। প্রতিবেদনে বলা হয়, ‘ফিলিস্তিনি সশস্ত্র দলগুলোর সহিংসতার কারণে ইসরায়েলি বাহিনীর কৃতকর্ম বৈধ হয়ে যায় না। তেমনিভাবে ইসরায়েলি বাহিনীর সংঘটিত অপরাধের জন্যও ফিলিস্তিনিদের সংঘটিত অপরাধের সাফাই গাওয়া যায় না।