হামাসকে 'সন্ত্রাসী' ঘোষণা করায় গাজায় বিক্ষোভ

মিসরের একটি আদালত ফিলিস্তিনের হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করায় গাজা উপত্যকায় বিক্ষোভ হয়েছে। হামাসের বিরুদ্ধে মিসরের দুই আইনজীবীর করা মামলায় আদালত গত শনিবার ওই রায় দেন। এএফপি ও আল-জাজিরা।
মিসরের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি কট্টর ইসলামপন্থী সংগঠনগুলোর ওপর যে শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে আসছেন, আদালতের ওই রায় দৃশ্যত তাকেই রক্ষা করছে।
ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসক ইসলামপন্থী সংগঠন হামাস। আর পশ্চিম তীরের নিয়ন্ত্রণ তুলনামূলক উদারপন্থী মাহমুদ আব্বাসের ফাতাহ দলের হাতে।
মিসরীয় আদালতের রায়ের প্রতিবাদে গতকাল রোববার ফিলিস্তিনের শরণার্থী শিবির এবং গাজা উপত্যকার শহরগুলোয় বিক্ষোভ হয়েছে। গাজা শহরে হামাসের মুখপাত্র সামি আবু জুহিরি ওই রায়কে ‘বেপরোয়া পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, মিসরের আদালতের সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক ও সমালোচনামূলক। রায়কে ‘অত্যন্ত অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত’ উল্লেখ করে মুস্তফা বারঘুটি নামের ফিলিস্তিনি এক স্বতন্ত্র রাজনীতিক বলেন, সিদ্ধান্তটি রাজনৈতিক জটিলতা সৃষ্টি করবে।
সম্প্রতি মিসরে সন্ত্রাসী ঘোষিত সংগঠনের ঘাঁটি স্থাপন বন্ধ করা এবং এর সব সদস্য ও সম্পত্তির ওপর কর্তৃপক্ষকে অবরোধ আরোপের ক্ষমতা দিয়ে নতুন সন্ত্রাসবিরোধী আইন করা হয়েছে। এর কয়েক দিন পরই দেশটির আদালত হামাস নিয়ে এ রায় দিলেন।
২০১৩ সালের জুলাইয়ে ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যুক্ত প্রেসিডেন্ট মুরসিকে উৎখাতের পর হামাসের সঙ্গে মিসরের সেনা-নিয়ন্ত্রিত সরকারের সম্পর্ক তিক্ত হয়। ব্রাদারহুডের সঙ্গে হামাসের সম্পর্ক রয়েছে। ২০১৩ সালে সামরিক অভ্যুত্থানের পর মিসরে ব্রাদারহুডকে নিষিদ্ধ করা হয়। মিসর তার সিনাই উপদ্বীপে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানো সশস্ত্র সংগঠনগুলোকে অস্ত্র দিয়ে সহায়তা করার অভিযোগ করে আসছে হামাসের বিরুদ্ধে।
নির্বাচন পিছিয়ে গেল: নির্বাচনী আইনের যে ধারা অনুযায়ী ২১ মার্চ মিসরের পার্লামেন্ট নির্বাচন শুরু হওয়ার কথা ছিল, সেই ধারাকে অসাংবিধানিক বলে গতকাল রোববার রায় দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত। এই রায়ের ফলে নির্বাচন পিছিয়ে গেল।