হামাসের জ্যেষ্ঠ তিন কমান্ডার নিহত
ফিলিস্তিনের ইসলামপন্থী সশস্ত্র সংগঠন হামাস দাবি করেছে, গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় তাদের তিনজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন।
গাজার জরুরি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় আটজন নিহত হয়েছে।
আজ এএফপির খবরে জানানো হয়, ইজ্জেদিনে আল কাসেম ব্রিগেডস বলেছে, নিহত তিন কমান্ডার হলেন মোহাম্মদ আবু সামালা, রায়েদ আল আতার ও মোহাম্মদ বারহাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিসরের সীমান্তবর্তী রাফা শহরের দক্ষিণে ওই হামলার ঘটনা ঘটে। রাফার চারতলা একটি ভবনে হামলা চালানো হয়।
গত মঙ্গলবার গাজার একটি বহুতল ভবনে চালানো হামলায় ইজ্জেদিনে আল কাসেম ব্রিগেডসের শীর্ষ নেতা মোহাম্মদ দিফের স্ত্রী ও শিশুসন্তান নিহত হন। এরপর আজ এ হামলার ঘটনা ঘটল।
গাজার জরুরি সেবার মুখপাত্র আশরাফ আল কুর্দ বলেন, আজ ভোরে বিমান হামলায় আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে সাতজন রাফায় ও একজন গাজার কেন্দ্রে নাসেরিয়াত শরণার্থী শিবিরে নিহত হন।
নিহত ব্যক্তিদের মধ্যে হামাসের জ্যেষ্ঠ কমান্ডাররা ছিলেন কি না, তা তিনি নিশ্চিত করতে পারেননি।
গত ৮ জুলাই শুরু হওয়া হামলায় দুই হাজার ৫৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।