ফিলিস্তিনের গাজায় গতকাল বৃহস্পতিবার অব্যাহত ইসরায়েলি হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে গাজার নিয়ন্ত্রক কট্টরপন্থী দল হামাসের সামরিক শাখার শীর্ষস্থানীয় তিনজন নেতাও আছেন। খবর রয়টার্স ও এএফপির।
ইসরায়েলি হামলায় হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল-কাসেম ব্রিগেডের শীর্ষ নেতা মোহাম্মদ দেইফের স্ত্রী ও শিশুসন্তান নিহত হওয়ার ৩৬ ঘণ্টা পর ভয়াবহ ওই হামলার ঘটনা ঘটল।
গাজার জরুরি সেবা দপ্তরের মুখপাত্র আশরাফ-উল কুদরা জানান, গতকাল সকালে রাফার দক্ষিণাঞ্চলের একটি চারতলা ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে চারতলা ওই ভবনটি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়। ওই হামলায় কাসেম ব্রিগেডের তিন নেতাসহ অন্তত সাতজন নিহত হন।
কাসেম ব্রিগেডের পক্ষ থেকে জানানো হয়, হামলায় মোহাম্মদ আবু শামালা, রায়েদ আল-আতার ও মোহাম্মদ বারহুম নামের তিনজন নেতা নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, এই তিন নেতার মধ্যে দুজনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েই ওই ভবনে হামলা চালানো হয়েছে।
এই হামলা সফল হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে তিনি একে ‘অসাধারণ গোয়েন্দা তৎপরতার’ সাফল্য বলে অভিহিত করেন।
হামাসের মুখপাত্র সামি আবু জুহরি ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তেল আবিবকে অবশ্যই এই হামলার মূল্য দিতে হবে।’
ওই ক্ষেপণাস্ত্র হামলার কিছুক্ষণ পরই গাজার কেন্দ্রস্থলে অবস্থিত নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েল। এতে এক ব্যক্তি নিহত হন।
সকালেই গাজা সিটি ও উত্তর গাজার শহর বেইত লাহিয়া এলাকার এক সড়কে ইসরায়েলি গোলা পড়ে। এতে অন্তত সাতজন নিহত হন। মুখপাত্র আশরাফ-উল কুদরা জানান, এর মধ্যে চারজনই শিশু। তিনি আরও জানান, শুধু গতকালই ইসরায়েলি হামলায় ১৫ জন নিহত হন। এ ছাড়া কয়েক দিন আগে চালানো হামলায় আহত এক ফিলিস্তিনি নুসেইরাত শরণার্থী শিবিরে মারা গেছেন। এ নিয়ে গাজায় ছয় সপ্তাহ ধরে চলা ইসরায়েলি অভিযানে নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়াল দুই হাজার ৬৫। জাতিসংঘের তথ্যমতে, নিহত ব্যক্তিদের এক-তৃতীয়াংশই বেসামরিক লোক।
মিসরের মধ্যস্থতায় দফায় দফায় টানা ১০ দিন যুদ্ধবিরতির পর গত মঙ্গলবার রাত থেকে আবার গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। ইসরায়েলের অভিযোগ, হামাস ইসরায়েলকে লক্ষ্য করে ওই দিনই অন্তত ২০০ রকেট হামলা চালায়। গতকালও তারা এই হামলা অব্যাহত রাখে।
মঙ্গলবারই যুদ্ধবিরতি নিয়ে কায়রোয় ইসরায়েলি ও ফিলিস্তিনি প্রতিনিধিদের মধ্যে আলোচনা ভেঙে যায়। তবে আলোচনায় ফিরে আসার জন্য দুই পক্ষের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে মিসর।