হারিরি পদত্যাগ করছেন না

সৌদি আরবে গিয়ে অপ্রত্যাশিতভাবে পদত্যাগের ঘোষণা দেওয়া লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি প্রায় তিন সপ্তাহ পর নিজ দেশে ফিরে পদত্যাগের ঘোষণা স্থগিত করেছেন। গতকাল বুধবার লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে বৈঠকের পর পদত্যাগের ঘোষণা থেকে সরে এলেন হারিরি।
বৈঠকের পর হারিরি বলেন, ‘আমি বিষয়টি নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছি। তিনি আমাকে অনুরোধ করছেন পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি বিলম্বিত করতে, যাতে আরও পরামর্শ করা যায়। আমি তাঁর অনুরোধে সাড়া দিয়েছি।’
প্রায় তিন সপ্তাহ আগে হারিরির পদত্যাগের বিবৃতিতে লেবাননে রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়। সৌদি আরব তাঁকে পদত্যাগে বাধ্য করেছে এবং আটকে রেখেছে বলেও অভিযোগ ওঠে।
মঙ্গলবার মধ্যরাতে প্যারিস থেকে দেশে ফেরার পর নিরাপত্তাবাহিনীর কর্মকর্তারা সাদ হারিরিকে স্বাগত জানান। তাঁর কাছে জানতে চাওয়া হয়, লেবাননের জনগণের জন্য তাঁর কোনো বার্তা আছে কি না? এর জবাবে তিনি বলেন, ‘ধন্যবাদ’। হারিরি বৈরুত বিমানবন্দর থেকে সরাসরি চলে যান তাঁর বাবা সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির সমাধিতে। গতকাল বুধবার স্বাধীনতা দিবস উদ্যাপন অনুষ্ঠানে যোগ দেন হারিরি।
সম্প্রতি তিনি সৌদি আরবের রিয়াদ থেকে প্যারিস যান। সেখানে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠক করেন।
আঞ্চলিক প্রভাব তৈরির অংশ হিসেবে সৌদি আরবে হারিরিকে পদত্যাগে বাধ্য করেছে বলে থাকলেও হারিরি ও সৌদি কর্তৃপক্ষ তা উড়িয়ে দিয়েছে।
৪ নভেম্বর সৌদি আরবে গিয়ে সাদ হারিরি পদত্যাগের আকস্মিক ঘোষণা দেন। প্রাণনাশের আশঙ্কায় তিনি পদত্যাগ করছেন বলে জানান। ইরানের বিরুদ্ধে তাঁর দেশে নাক গলানোর অভিযোগ করেন হারিরি। তবে ইরান তখন বলেছিল লেবাননকে অস্থিতিশীল করতে সৌদির চাপে পদত্যাগ করেছিলেন হারিরি।
হারিরি পদত্যাগের ঘোষণা দিলেও তা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী হারিরি প্রেসিডেন্টের কাছে উপস্থিত না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তা গ্রহণ করা হবে না বলে জানিয়েছিলেন আউন।
বিবিসি জানিয়েছে, লেবাননের অন্যতম শক্তি হিজবুল্লাহর সঙ্গে মতপার্থক্য আছে হারিরির। হিজবুল্লাহ ইরান সমর্থিত। আর সাদ হারিরি সৌদি সমর্থিত। হিজবুল্লাহও চাচ্ছিল, সাদ হারিরি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব অব্যাহত রাখুক। হিজবুল্লাহও লেবাননের ঐক্যবদ্ধ সরকারের অংশ।