হাসপাতাল ছাড়লেন লিপার্ট

দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্ক লিপার্ট হাসপাতাল থেকে আজ মঙ্গলবার ছাড়া পেয়েছেন। একজন কোরীয় জাতীয়তাবাদী কর্মীর ছুরিকাঘাতে আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। আজ মঙ্গলবার বিবিসি ও রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত বৃহস্পতিবার সকালে ৪২ বছর বয়সী রাষ্ট্রদূত লিপার্ট রাজধানী সিউলে শিল্পকলা কেন্দ্রে এক প্রাতরাশ বৈঠকে অংশ নেন। ঘটনার সময় নাশতার টেবিলেই বসে ছিলেন রাষ্ট্রদূত। ওই সময় কিম কি-জং নামের এক ব্যক্তি আচমকা ছুরি মেরে রাষ্ট্রদূতের মুখ ও হাত জখম করেন।
হামলার সময় বিভক্ত কোরীয় উপদ্বীপের পুনরায় এক করার দাবিতে চিৎকার করেন ওই কর্মী। গত সোমবার থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার প্রতিবাদ করেন তিনি। একপর্যায়ে নিরাপত্তাকর্মীরা তাঁকে আটক করেন। তিনি রাষ্ট্রদূতকে হত্যার চেষ্টা করার অভিযোগ অস্বীকার করেছেন।
এ ঘটনার পর দক্ষিণ কোরিয়া সরকার মার্কিন দূতাবাসসহ সব কূটনৈতিক মিশনের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, ছুরিকাঘাতে লিপার্টের মুখের ডান দিকে চার ইঞ্চির বেশি দীর্ঘ ও এক ইঞ্চির একটু বেশি গভীর ক্ষত সৃষ্টি হয়। এ জন্য ৮০টি সেলাই দিতে হয়। রাষ্ট্রদূতের বাঁহাতেও ছুরিকাঘাত করা হয়। তাঁরা বলেন, এই ক্ষতের গভীরতা আরেকটু বেশি হলে লিপার্টের জীবন হুমকির মুখে পড়ত।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুয়েন হে গত সোমবার লিপার্টকে দেখতে সিউলেরর সেভের্যান্স হাসপাতালে যান।
সাবেক মার্কিন সহকারী প্রতিরক্ষামন্ত্রী লিপার্ট ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান।