হাসপাতালে হামলা কতটা যৌক্তিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের কুনদুজ শহরে এমএসএফ পরিচালিত হাসপাতালে বিমান হামলার পরের দৃশ্য। ছবি: এএফপি
আফগানিস্তানের কুনদুজ শহরে এমএসএফ পরিচালিত হাসপাতালে বিমান হামলার পরের দৃশ্য। ছবি: এএফপি

আফগানিস্তানে হাসপাতালে বিমান হামলার ঘটনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ক্ষোভ বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ছে। হাসপাতালে হামলার যৌক্তিকতা নিয়ে আবার প্রশ্ন উঠেছে।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, কুনদুজ শহরে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা মেদসাঁ সঁ ফ্রতিয়েখ (এমএসএফ) পরিচালিত হাসপাতালে গত শনিবারের বিমান হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কিছু মানুষ। হাসপাতালটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনাটিকে যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছে এমএসএফ। তারা ঘটনার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে।
এমএসএফ বলছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ওই হামলা চালিয়েছে।
ঘটনার তদন্ত করছে যুক্তরাষ্ট্র।
আফগান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সামরিক উদ্দেশে তালেবান ওই হাসপাতালটিকে ব্যবহার করছিল।
তবে দেশটির সরকারের এমন দাবি নাকচ করেছে এমএসএফ।
এদিকে গতকাল সোমবার মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তালেবানের হামলার মুখে আফগান বাহিনীর অনুরোধে ওই বিমান হামলা চালানো হয়েছে। 

এ বিষয়ে আফগান বাহিনীর কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনা যা-ই হোক না কেন, হাসপাতালে বোমা মারার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। রোগী, হাসপাতালের কর্মী ও স্থাপনার ওপর হামলা আন্তর্জাতিক মানবিক আইন অনুমোদন করে না। যুদ্ধবিষয়ক আইনে যুদ্ধকবলিত এলাকায় হাসপাতাল থাকলে তার প্রতি শ্রদ্ধা দেখাতে বলা হয়েছে।
হাসপাতালে যদি যুদ্ধরত প্রতিপক্ষ আশ্রয়ও নেয়, তবু সেখানে হামলা চালানো যাবে না। এ ধরনের হামলায় বেসামরিক মানুষই সবচেয়ে বেশি হতাহত হয়।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলছে, হাসপাতালকে সুরক্ষার মর্যাদা দেওয়া হয়েছে। হাসপাতালে হামলা বেআইনি।
এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, যুদ্ধের আইন অনুযায়ী কোনো বাহিনী যদি হাসপাতালের অপব্যবহার করে, তবে আক্রমণকারী পক্ষের উচিত অপব্যবহার অবসানে সতর্কতা জারি করা। যৌক্তিক সময় বেঁধে দেওয়া। এতে কাজ না হলেই কেবল হামলা করা যাবে।
গত বছর গাজায় ও ২০০৯ সালে শ্রীলঙ্কায় হাসপাতালে হামলা চালানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। ওই হামলা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক নিন্দা ও সমালোচনা হয়।