হাস্যকর বাঘের বিদায়

মূর্তিটা বাঘের। কিন্তু সব মিলিয়ে দেখতে অনেকটা কার্টুনের মতো। হাসি হাসি মুখ। বাঘ ‘বনের রাজা’ হলেও মূর্তিটার চেহারায় শৌর্য বা হিংস্রতার লেশ নেই। এ নিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমে হাসাহাসির শেষ নেই। অবশেষে কর্তৃপক্ষ সেই বাঘমূর্তি সরিয়ে নিয়েছে।
ঘটনাটি ইন্দোনেশিয়ার। জাভা দ্বীপে সেনাবাহিনীর একটি ঘাঁটির সামনে ছয় বছর ধরে দাঁড়িয়ে ছিল মূর্তিটি। সম্প্রতি কেউ ইন্টারনেটে এর ছবি প্রকাশ করার পর শুরু হয় ব্যাপক ব্যঙ্গবিদ্রূপ। সমালোচকেরা বলছেন, এটি রীতিমতো হাস্যকর। টুইটারে একজন লিখেছেন, মূর্তিটির দিকে তাকিয়ে হাসি চেপে রাখার চেষ্টা করতে করতে তাঁর মাথা ধরে গিয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমের হাসাহাসি একপর্যায়ে জাতীয় গণমাধ্যম পর্যন্ত পৌঁছায়। শেষ পর্যন্ত ইন্দোনেশীয় সেনা কর্তৃপক্ষ মূর্তিটি অপসারণ করে। স্থানীয় সামরিক মুখপাত্র বলেন, বাঘের দেখতে আক্রমণাত্মকই হওয়া উচিত। কারণ, প্রাণীটি সাহসিকতার প্রতীক। লোকে যখন মূর্তিটিকে হাস্যকর বলে সমালোচনা করতে লাগল, সেনাবাহিনী তা উপেক্ষা করতে পারেনি।
বাঘের মূর্তির এমন বিদায়েও মজা করতে ছাড়েননি অনলাইন ব্যবহারকারীরা। অনেকে তার প্রতি ‘শ্রদ্ধা’ জানিয়ে ‘শান্তিপূর্ণ অন্তিম শয়ান’ কামনা করেছেন।