হিন্দুকুশে আবারও ভূমিকম্প
মাস খানেকেরও কম সময়ের ব্যবধানে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে আজ সোমবার সকালে আবার ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫ দশমিক ৯।
ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান ও পাকিস্তানের কিছু অংশ এবং ভারতের জম্মু-কাশ্মীর ও দিল্লি। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল।
আর মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের সীমান্তবর্তী চিত্রাল শহর থেকে ৮৩ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে।
এর আগে গত ২৭ অক্টোবর আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের জুরম জেলায় ৭ দশমিক ৫ তীব্রতার ভূমিকম্প হয়। ওই এলাকাটি রাজধানী কাবুল থেকে ২৫০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত হিন্দুকুশ পাহাড়ি অঞ্চলের অন্তর্ভুক্ত। ওই ভূমিকম্পের আঘাতে পাকিস্তান ও আফগানিস্তানে তিন শতাধিক মানুষ প্রাণ হারায়।