হিরোশিমায় ওবামার অনুষ্ঠানে থাকবেন তিন 'হিবাকুশা'
জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে মার্কিন আণবিক বোমা হামলার শিকার হয়ে প্রাণে বেঁচে থাকা মানুষদের বোঝাতে ‘হিবাকুশা’ শব্দটি ব্যবহার করা হয়। এ ধরনের অন্তত তিনজন ‘হিবাকুশা’ আজ শুক্রবার হিরোশিমা বোমা হামলার স্মরণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ওই ঘটনায় নিহত মানুষদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও উপস্থিত থাকবেন। ১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমা শহরে ভয়াবহ আণবিক বোমা হামলার পর এই প্রথম দায়িত্বে থাকা কোনো মার্কিন প্রেসিডেন্ট হিরোশিমা সফর করছেন। তবে আজকের অনুষ্ঠানে ওবামা বোমা হামলা চালানোর জন্য ক্ষমা চাইবেন না।
সম্প্রতি জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকেকে দেওয়া সাক্ষাৎকারে ওবামা বলেন, ‘আমি বোমা হামলার জন্য ক্ষমা চাইব না। কারণ, আমি মনে করি, যুদ্ধকালে নেতাদের সব ধরনের সিদ্ধান্তের স্বীকৃতি দেওয়া গুরুত্বপূর্ণ।...এসব বিষয়ে প্রশ্ন তোলা ও সেগুলোর বিচার-বিশ্লেষণ করা ইতিহাসবিদদের কাজ।’
হিরোশিমায় মার্কিন আণবিক বোমা হামলায় শহরটির ১ লাখ ৪০ হাজার মানুষ নিহত হয়। এর তিন দিন পর নাগাসাকি শহরে একই ধরনের আরেকটি বোমা হামলায় মারা যায় ৭৪ হাজার মানুষ।
জি-৭ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জাপান সফরে যান গতকাল বৃহস্পতিবার। আজ তিনি হিরোশিমায় আণবিক বোমায় ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে দেখা করবেন।