হিরোশিমা সফর করবেন অলিম্পিক প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি। রয়টার্স।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমায় বিধ্বস্ত জাপানি শহর হিরোশিমা সফর করবেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রেসিডেন্ট টমাস বাখ। ২০২০ টোকিও অলিম্পিক শুরুর এক সপ্তাহ আগে শুক্রবার হিরোশিমা সফর করবেন তিনি। একই সময়ে আইওসির ভাইস প্রেসিডেন্ট জন কোটস সফর করবেন পারমাণবিক বোমায় বিধ্বস্ত আরেক জাপানি শহর নাগাসাকি। এ সময় আইওসির দুই শীর্ষ কর্মকর্তা অস্ত্রবিরতি মেনে চলতে বিশ্বের চলমান সংঘাতপ্রবণ অঞ্চলগুলোর প্রতি আহ্বান জানাবেন।

অলিম্পিক চলাকালে এ রকম অস্ত্রবিরতি প্রাচীন গ্রিসে মেনে চলা হতো। ১৯৯৩ সালে সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাবের মধ্য দিয়ে জাতিসংঘ ব্যতিক্রমী ঐতিহ্যকে আধুনিক অলিম্পিক আন্দোলনে ফিরিয়ে এনেছে। জাতিসংঘের প্রস্তাবে, অলিম্পিক শুরুর এক সপ্তাহ আগে থেকে অলিম্পিক শেষ হওয়ার পরের এক সপ্তাহ পর্যন্ত অস্ত্রবিরতি মেনে চলতে সংঘাতপূর্ণ অঞ্চলের নেতাদের প্রতি আহ্বান জানানোর কথা বলা হয়।

জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি নিয়মিতভাবে অলিম্পিক শুরু হওয়ার এক সপ্তাহ আগে বিশ্বজুড়ে চলা সংঘাত সাময়িকভাবে বন্ধ রাখতে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানো হয়। জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহর থেকে এবার অলিম্পিকের আগে সেই আহ্বান জানাতে যাচ্ছেন অলিম্পিক কমিটির এই শীর্ষ দুই নেতা।

হিরোশিমায় অবস্থানকালে টমাস বাখ জেলার গভর্নর হিদেহিকো ইয়ুজাকি ও মেয়র কাজুমি মাৎসুইয়ের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। সাক্ষাৎ শেষে হিরোশিমার শান্তি স্মৃতি উদ্যানে বোমা হামলায় নিহত ব্যক্তিদের স্মারক স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শান্তি স্মৃতি জাদুঘরও তিনি পরিদর্শন করবেন।

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় টমাস বাখের হিরোশিমা সফরের বিরোধিতা করছে একটি গ্রুপ। প্রায় ৭০ হাজার শহরবাসীর স্বাক্ষরযুক্ত একটি স্মারকলিপি জাপান সরকার, জাপানের অলিম্পিক কমিটি এবং হিরোশিমার মেয়রের কাছে পাঠিয়েছে তারা।