
ইয়েমেনে শিয়াপন্থী হুতি বিদ্রোহীদের আক্রমণের মুখে বিপর্যস্ত ‘নির্বাচিত বৈধ সরকারকে রক্ষায়’ দেশটিতে বিমান হামলা শুরু হয়েছে। গত বুধবার রাতে রাজধানী সানাসহ বিভিন্ন শহরে হুতিদের অবস্থান লক্ষ্য করে এ হামলা শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব দেশগুলোর একটি জোট বাহিনী।
হুতিদের আক্রমণের মুখে গত মাসে রাজধানী ছেড়ে দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে আশ্রয় নিয়েছিলেন সুন্নিপন্থী প্রেসিডেন্ট আবদুরাব্বাহ মনসুর আল হাদি। কিন্তু হুতিরা এডেনের কাছাকাছি চলে যাওয়ায় বুধবার তিনি অজ্ঞাত স্থানে চলে গেছেন বলে জানা গেছে।
হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের এ হামলাকে স্বাগত জানিয়েছে প্রেসিডেন্ট হাদির সরকার। অভিযানের প্রতি সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ইউরোপীয় ও আরবীয় অনেক দেশ। তবে সুন্নিপন্থী সৌদি সরকারের এ হামলা এক্ষুনি বন্ধ করার আহ্বান জানিয়েছে শিয়াপন্থী দেশ ইরান ও ইরাক। আর বাইরের শক্তিগুলোকে সতর্ক করে দিয়ে হুতিরা বলেছে, এতে করে ইয়েমেনে আরও বৃহত্তর যুদ্ধ বেধে যাবে। এদিকে ইয়েমেনে বিমান হামলার পর গতকাল বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক লাফে প্রায় ৪ শতাংশ বেড়ে গেছে।
ইয়েমেন পরিস্থিতির প্রেক্ষাপট: ইয়েমেনের বর্তমান সংকটের শুরু মূলত ২০১১ সালে। ওই বছর গণবিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ। শান্তিপূর্ণ ওই বিক্ষোভে এবং পরবর্তী সময়ে জাতীয় সংলাপে সক্রিয়ভাবে অংশ নেয় হুতিরা। তাদের দাবি ছিল আঞ্চলিক স্বায়ত্তশাসন ও দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার করা। কিন্তু তাদের সেই চাওয়া পূরণ না হওয়ায় সুন্নিপন্থী প্রেসিডেন্ট হাদির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁর সরকারকে উৎখাতে সক্রিয় হয় হুতিরা। এদের সঙ্গে হাত মেলান সাবেক প্রেসিডেন্ট সালেহ।
কিন্তু পরিস্থিতি জটিল আকার ধারণ করে গত বছরের শেষ দিকে। দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে অনেক বড় বড় হামলা চালায় আল-কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি)। জঙ্গি সংগঠনটি প্রেসিডেন্ট হাদি এবং হুতি উভয় পক্ষের বিরোধী। সবশেষে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) আবির্ভাবে পরিস্থিতি আরও জটিল হয়। একিউএপিকে উৎখাতে তারা উঠেপড়ে লাগে। সেই হিসেবে হুতিরা আইএসের সহযোগিতা পায়।
এ অবস্থায় গত সেপ্টেম্বরে রাজধানী সানায় সরকারি সদর দপ্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা দখল করে নেয় হুতি বিদ্রোহীরা। জানুয়ারিতে সানার পুরো নিয়ন্ত্রণ চলে যায় তাদের হাতে। এর পর থেকে কার্যত গৃহবন্দী ছিলেন প্রেসিডেন্ট হাদি। গত মাসে তিনি রাজধানী ছেড়ে এডেনে আশ্রয় নেন।
এডেন থেকে মাত্র ৬০ কিলোমিটার উত্তরের আল-আনাদ বিমানঘাঁটি গত বুধবার দখল করে নেয় হুতি যোদ্ধারা। এরপর এডেনে হাদির প্রাসাদে বিমান হামলা এবং এডেনের আন্তর্জাতিক বিমানবন্দর সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহের অনুগত পুলিশ বাহিনীর দখলে চলে যাওয়ার পর ‘নিরাপদ স্থানে’ চলে যান হাদি।
প্রেসিডেন্ট হাদির সহযোগীরা বুধবার জানিয়েছিলেন, প্রেসিডেন্ট এডেন শহরেই আছেন এবং শহর ছাড়ার কোনো পরিকল্পনা তাঁর নেই। তবে পরে নিরাপত্তা ও বন্দর সূত্র বার্তা সংস্থা এপিকে জানায়, নৌকায় করে শহর ছেড়ে গেছেন হাদি।
হামলার ক্ষয়ক্ষতি: যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদেল আল-জুবায়ের বুধবার রাতে সংবাদ সম্মেলনে অভিযানের ঘোষণা দেন। অভিযানের নাম ‘প্রত্যয়ী ঝড়’। তিনি জানান, ‘মূলত বিমান হামলার মাধ্যমেই এ অভিযান শুরু হচ্ছে। তবে উৎখাতের হাত থেকে ইয়েমেনের বৈধ সরকারকে রক্ষায় যা যা করণীয়, আমরা তা করব।’
রাষ্ট্রদূত জুবায়ের জানান, ইয়েমেনের রাজধানী সানায় আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত আল-দুলাইমি বিমানঘাঁটিসহ বিদ্রোহীদের আরও অনেক অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এ সময় বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও বন্দুকের গুলি ছুড়েছে হুতিরা।
সানা থেকে নিরাপত্তা কর্মকর্তারা বার্তা সংস্থা এপিকে জানান, হুতিদের একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও জ্বালানি ডিপোতেও বিমান হামলা হয়েছে। এ ছাড়া ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর অনুগত একটি বাহিনীর অবস্থান লক্ষ্য করেও বিমান থেকে বোমা ফেলা হয়েছে।
প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, বিমান হামলায় আল-দুলাইমি বিমানঘাঁটির কাছে সাতটি বাড়ি বিধ্বস্ত হয়। এতে নিহত হয়েছে ১৩ জন বেসামরিক মানুষ। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে হুতিদের আল-মাসিরাহ টেলিভিশন নিহতের সংখ্যা ১৮ বলে জানায়।
এ ছাড়া সৌদি সীমান্তবর্তী শাদা প্রদেশ এবং এডেন ও তায়েজ শহরেও বিমান হামলা চালিয়েছে জোট বাহিনী। এর মধ্যে শাদা প্রদেশ হুতিদের শক্ত ঘাঁটি।
সৌদি নেতৃত্বাধীন জোটে যারা আছে: সৌদি আরবের মালিকানাধীন আল আরাবিয়া টেলিভিশন জানায়, বিমান হামলায় অংশ নিচ্ছে সৌদি আরবের প্রায় ১০০টি যুদ্ধবিমান। এ ছাড়া প্রায় ৮৫টি যুদ্ধবিমান পাঠাচ্ছে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, জর্ডান, বাহরাইন, মরক্কো ও সুদান। আর স্থল অভিযানের জন্য প্রস্তুত আছে মিসর, জর্ডান, সুদান ও পাকিস্তান। আরব দেশগুলোর মধ্যে একমাত্র ওমান এই অভিযানে অংশ নিচ্ছে না।
যুক্তরাষ্ট্র বলেছে, এ অভিযানে তারা অস্ত্রসরঞ্জাম ও গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তিনি হুতিদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন এ হামলাকে স্বাগত জানিয়েছেন। হামলায় সমর্থন দিয়েছে যুক্তরাজ্য।