হুতিদের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরব অভিযোগ করেছে, ইয়েমেনের শিয়া হুতি যোদ্ধারা যুদ্ধবিরতির প্রথম দিনই শর্ত ভঙ্গ করেছে। শর্ত ভেঙে তারা ইয়েমেনের বিভিন্ন এলাকায় সংঘাতে লিপ্ত হয়েছে। খবর আল-জাজিরার।
ইয়েমেনের ক্ষমতা দখলকারী হুতিদের বিরুদ্ধে গত মার্চ মাস থেকে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী বিমান হামলা চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ সাহায্য দিতে গত মঙ্গলবার মধ্যরাত থেকে যুদ্ধবিরতি দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার জোট বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, হুতি মিলিশিয়ারা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি এই বিবৃতি প্রকাশ করে। তবে দেশটি জানিয়েছে, হুতিরা শর্ত ভাঙা সত্ত্বেও তারা যুদ্ধবিরতি চালিয়ে যাবে।
মোট ১২টি জায়গায় যুদ্ধবিরতি ভঙ্গ করা হয়েছে বলে জোটের বিবৃতিতে দাবি করা হয়।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরেক বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, হুতি বিদ্রোহীরা সীমান্তসংলগ্ন জিজান এবং নাজরান এলাকায় গুলি চালিয়ে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। সৌদি বাহিনী সংযমের পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করা হয় বিবৃতিতে।
হুতিরা যুদ্ধবিরতি শুরু হওয়ার আগে তা মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছিল। যুদ্ধবিরতি শুরু হওয়ায় জাতিসংঘ সেখানে ব্যাপক ত্রাণ তৎপরতা শুরু করেছে।